প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরের রাজৈর উপজেলায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে নেজলা পুইস্তা (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১২ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার আমগ্রাম ইউনিয়নের আমগ্রাম পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নেজলা পুইস্তা ওই এলাকার বাবুল পুইস্তার মেয়ে। সে আমগ্রাম উচ্চবিদ্যালয় থেকে চলতি বছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর নেজলা জানতে পারে ইংরেজি, গণিত, উচ্চতর গণিত ও রসায়ন বিষয়ে তার ফলাফল আশানুরূপ হয়নি। এ নিয়ে সে মানসিকভাবে ভেঙে পড়ে। পরে ফলাফল খারাপ হওয়াকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের সঙ্গে রাগারাগির একপর্যায়ে নেজলা নিজের শোবার ঘরে চলে যায়।
পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আমগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক চৈতন্য কুমার বৈদ্য বলেন, নেজলা নিয়মিত বিদ্যালয়ে ক্লাসে আসত না। এ কারণে তার ফলাফল খারাপ হয়ে থাকতে পারে। তিনি বলেন, “ফলাফল খারাপ হতেই পারে। এ কারণে জীবন শেষ করে দেওয়া কোনো সমাধান নয়। পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগও তার ছিল।”
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নেজলার এমন মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন