প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রায় ৭৪ বছর পরে আটলান্টিক মহাসাগরের গভীরতায় খুঁজে পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা প্যান অ্যামের বহুদিনের হারিয়ে যাওয়া বিমান প্যান অ্যাম ফ্লাইট ৫২৬এ-এর ধ্বংসাবশেষ। ১৯৫২ সালের মর্মান্তিক এই দুর্ঘটনায় ৬৪ জন যাত্রী এবং পাঁচজন বিমানকর্মীর মধ্যে মাত্র ১৭ জন বেঁচে ছিলেন। বাকি সবাই সমুদ্রে প্রাণ হারান।
উদ্ধারকারী দলের তথ্য অনুযায়ী, পুয়ের্তো রিকোর উত্তর উপকূল থেকে কিছু দূরে, সমুদ্রপৃষ্ঠের প্রায় ২ হাজার ফুট গভীরে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। দীর্ঘ কয়েক দশক ধরে একাধিক অনুসন্ধান পরিচালিত হলেও, এবারই প্রথম আধুনিক উচ্চ-রেজোলিউশনের সোনার প্রযুক্তি ও স্বয়ংক্রিয় পানির নিচের ড্রোন ব্যবহার করে এ সফলতা অর্জিত হয়েছে।
এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যুক্তরাষ্ট্রের এয়ার/সি হেরিটেজ ফাউন্ডেশন এবং ডিপ সি ভিশন। সংস্থাটির প্রেসিডেন্ট রাস ম্যাথিউস বলেন, "এটি অত্যন্ত বিস্ময়কর ও আবেগঘন একটি আবিষ্কার। বহু বছর আগে এখানে ঘটে যাওয়া সেই ট্র্যাজেডিকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।"
তদন্তে জানা যায়, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটির তৃতীয় ইঞ্জিন বিকল হয়ে যায়। তখন বিমানটি মাত্র ৩৫০ ফুট উচ্চতায় ছিল। পাইলট ক্যাপ্টেন জন সি. বার্ন বিমানটিকে পুয়ের্তো রিকোতে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই চতুর্থ ইঞ্জিনও বিকল হয়ে পড়ে। ফলে বিমানটি দ্রুত উচ্চতা হারিয়ে সমুদ্রে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে বিমানটি সমুদ্রে অবতরণের সময় দু’টুকরো হয়ে যায়। দুর্ঘটনার পর বহু যাত্রী বিমানের ধ্বংসাবশেষ আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করলেও উত্তাল সমুদ্র ও হিমশীতল পানির কারণে অধিকাংশকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এই দুর্ঘটনার পর আন্তর্জাতিক বিমান চলাচলে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক পরিবর্তন আনে। যাত্রীদের জন্য বাধ্যতামূলক নিরাপত্তা নির্দেশনা, জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে প্রশিক্ষণ এবং বিমানের নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সাম্প্রতিক অভিযানে উদ্ধারকারীরা ধ্বংসাবশেষের প্রায় সাড়ে তিন লাখ ছবি তোলেন। তবে দুর্ঘটনায় নিহতদের দেহাবশেষ উদ্ধারের কোনো পরিকল্পনা আপাতত নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন