প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পদত্যাগের গুঞ্জনকে ভিত্তিহীন আখ্যা দিয়ে বলেছেন, তিনি দৃঢ়তার সঙ্গে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। সোমবার (১ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি। রোববার (৩১ মে) মন্ত্রিসভার এক বৈঠকে বক্তব্য দিতে গিয়ে পেজেশকিয়ান বলেন, ‘যতদিন আমার নিঃশ্বাস চলবে, আমি আমার পথচলা অব্যাহত রাখব। আমরা হয় শক্তির সঙ্গে এগিয়ে যাব, নয়তো শহীদ হব–উভয় ক্ষেত্রেই এটি আমাদের জন্য বিজয়।’ তিনি জোর দিয়ে বলেন, তার জীবন ইসলামি বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জীবনের চেয়ে বেশি মূল্যবান নয়। পেজেশকিয়ান বলেন, আমাদের ঘটনাস্থলে উপস্থিত থেকে সমস্যাগুলো সমাধান করতে হবে। বাস্তব পরিস্থিতিতে আমাদের সততার সঙ্গে কাজ করতে হবে এবং আল্লাহ আমাদের সাহায্য করবেন। এর আগে, যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে দাবি করে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার পদত্যাগপত্র সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কাছে জমা দিয়েছেন। তবে এই দাবি তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করে ইরান সরকার। সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-কে বলেন, শত্রুভাবাপন্ন ওই গণমাধ্যমের এমন দাবি অস্থিতিশীলতা তৈরির একটি ধারাবাহিক প্রচেষ্টার অংশ। তিনি বলেন, যখনই জাতীয় ঐক্য আরও শক্তিশালী হয় এবং সংকটময় সময়ে ইরানি জনগণ তাদের সংহতি প্রদর্শন করে; তখনই সন্দেহ, হতাশা ও অস্থিতিশীলতা ছড়িয়ে দেয়ার চেষ্টা বৃদ্ধি পায়। মোহাজেরানি আরও বলেন, ‘অনেকে (গণমাধ্যম) বাস্তবতার পরিবর্তে নিজেদের ইচ্ছাকে সংবাদ হিসেবে প্রকাশ করতে পছন্দ করে। কিন্তু দেশের প্রকৃত অবস্থা বাস্তবে এবং রাষ্ট্র পরিচালনার চলমান প্রক্রিয়াতেই স্পষ্টভাবে দেখা যায়।’ তিনি জানান, রোববারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। সেখানে তিনি জনগণের সেবা অব্যাহত রাখা, জাতীয় ঐক্য বজায় রাখা এবং দেশের কাজ নিরলসভাবে এগিয়ে নেয়ার ওপর গুরুত্বারোপ করেন। মোহাজেরানির ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন যে, ‘জনগণ আমাদের ওপর যে দায়িত্ব দিয়েছে, সেখান থেকে আমরা এক পা-ও পিছিয়ে যাব না।’ সূত্র: প্রেস টিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন