প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আসন্ন ১২ রবিউল আউয়াল, ২৬ আগস্ট বুধবার, একই সময়ে একই স্থানে দুটি ইসলামি দলের কর্মসূচির কারণে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। এটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত পোস্টার এবং প্রচারণা থেকে জানা গেছে।
ফেসবুকে প্রচারিত একটি পোস্টারের মাধ্যমে উল্লেখ করা হয়েছে যে, নাসিরনগর ওলামা ত্বলাবা ঐক্য পরিষদের উদ্যোগে আগামী ২৬ আগস্ট বুধবার সকাল ১০টায় নাসিরনগর আশুতোষ খেলার মাঠে একটি ইসলামি প্রোগ্রামের আয়োজন করছে।
অন্যদিকে, পূর্বনির্ধারিত কর্মসূচির আওতায় আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ১২ রবিউল আউয়াল একই দিনে ও একই সময়ে নাসিরনগর আশুতোষ খেলার মাঠে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে প্রচারিত হয়েছে।
একই দিন, একই সময় ও একই স্থানে দুই পক্ষের কর্মসূচি হওয়ায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবার উদ্বেগ দেখা দিয়েছে। অনেকে এই ঘটনায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন।
নাসিরনগরবাসীর দাবি, সংশ্লিষ্ট এই দুটি পক্ষ এবং প্রশাসনের উচিত বিষয়টি দ্রুত সমন্বয় করে সমাধান করা, যাতে কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় এবং ধর্মীয় অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হতে পারে।
স্থানীয়দের মতামত, নাসিরনগর উপজেলায় একই সময়ে একই স্থানে দুইটি ইসলামি দলের এমন কর্মসূচি নিয়ে আগে কখনো এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তাদের জানা নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন