০৮:৪৭ পি.এম
মেসেজিং অ্যাপের বাজারে ‘এক্সচ্যাট’ নতুন প্রতিদ্বন্দ্বী হিসাবে হাজির হতে চলেছে। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এর মালিক ইলন মাস্ক এই নতুন অ্যাপটির চালুর পরিকল্পনা করেছেন। এটি হোয়াটস অ্যাপ ও সিগন্যালের আদলে নির্মিত হয়েছে।
প্রযুক্তি বিশ্লেষকরা জানিয়েছেন, ‘এক্সচ্যাট’ একটি আধুনিক ও নিরাপদ যোগাযোগমাধ্যম হিসেবে গড়ে তোলা হচ্ছে। এতে এনক্রিপশন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা ব্যক্তিগত বার্তা আদান-প্রদান করতে সক্ষম হবেন। ফলে প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ এই বার্তার তথ্য জানতে পারবেন না।
অ্যাপটিতে থাকবে অডিও ও ভিডিও কল, ছবি ও ফাইল শেয়ারিং, গ্রুপ চ্যাটসহ বিভিন্ন ফিচার। এছাড়া পাঠানো বার্তা সম্পাদনা ও মুছে ফেলার সুবিধাও প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: ইনস্টাগ্রামের নতুন ফিচার, দেখা শেষ হলেই উধাও হবে ছবি
প্রাথমিকভাবে ‘এক্সচ্যাট’ চালু হবে আইওএস ও আইপ্যাডওএস প্ল্যাটফর্মে। তাই প্রথমে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা এই সেবা লাভ করবেন।
জানা গেছে, আগামী ১৭ এপ্রিল অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হতে পারে।
তবে গুরুত্বপূর্ণ একটি শর্ত হলো— এটি ব্যবহারের জন্য অবশ্যই এক্স-এ একটি অ্যাকাউন্ট থাকতে হবে। অর্থাৎ, এটি সম্পূর্ণ স্বাধীন প্ল্যাটফর্ম নয়।
বিশেষজ্ঞরা বলছেন, এটি ‘এক্স’-এর ব্যবহারকারীদের জন্য একটি বাড়তি সুবিধা হলেও, বাজারে ইতোমধ্যে শক্ত অবস্থানে থাকা হোয়াটস অ্যাপ ও সিগন্যালের সঙ্গে প্রতিযোগিতা করা সহজ হবে না। কারণ, এসব অ্যাপ ব্যবহারের জন্য অন্য কোনও প্ল্যাটফর্মে অ্যাকাউন্টের প্রয়োজন নেই এবং অ্যান্ড্রয়েডসহ সব প্ল্যাটফর্মে তাদের ব্যবহারকারী সংখ্যা অনেক বেশি।
আরও পড়ুন: প্রশ্নের জবাব না পেয়ে ভোগান্তিতে গ্রক ব্যবহারকারীরা
সব মিলিয়ে, ‘এক্সচ্যাট’ কতটা জনপ্রিয়তা পাবে, তা নির্ভর করবে এর ব্যবহারযোগ্যতা, নিরাপত্তা, এবং ব্যবহারকারী আকৃষ্ট করার কৌশলের ওপর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন