প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের খারাই এলাকায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশের একটি ডোবা থেকে পুলিশ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই ব্যক্তির মৃত্যু অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় ঘটেছে।
বুধবার (১৫ জুলাই) রাত পৌনে ৮টার সময় স্থানীয়রা মহাসড়কের পাশের একটি ডোবায় মরদেহটি পড়ে থাকতে দেখে জয়কলস হাইওয়ে থানায় ও জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন।
সংবাদ পাওয়ার পর পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব হোসেন। একই সময়ে জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) মো. মিরাজুল ইসলামের নেতৃত্বে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পুলিশ জানায়, নিহত ব্যক্তি আনুমানিক ৪৫ বছর বয়সী একজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, ১৪ জুলাই দিবাগত রাতের কোনো এক সময় অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু ঘটে থাকতে পারে। কিন্তু ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।
ওসি মো. মোতালেব হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন