০১:০৪ পি.এম
২০২৬ ফিফা বিশ্বকাপের খেলা দেখতে যাওয়ার প্রস্তুতি মানেই বিশাল খরচ। কারণ এই আসরটি যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে বসতে চলেছে— তাই বিমানভাড়া, ম্যাচের টিকিট, হোটেল এবং খাবারসহ বিভিন্ন খরচ মিলিয়ে বাজেট দাঁড়াতে পারে লাখ লাখ টাকায়। এই খরচের হিসাব করতে গিয়েই অনেক সমর্থকের কপালে ভাঁজ পড়ছে।
তবে এর মধ্যেই এসেছে একটি চমকপ্রদ সংবাদ। বিশ্বকাপ দেখতে গিয়ে খরচ করার পরিবর্তে, বরং আয় করার সুযোগও তৈরি হয়েছে। নির্দিষ্ট একটি দায়িত্ব পালন করলেই মিলতে পারে প্রায় ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় ৬০ লাখ টাকারও বেশি।
জানা গেছে, চাকরির ওয়েবসাইট ইনডিডের সহযোগিতায় ফক্স স্পোর্টস ‘চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচার’ নামে একটি বিশেষ পদে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে। এই পদে নির্বাচিত ব্যক্তি বিশ্বকাপের ম্যাচ উপভোগ করার পাশাপাশি নির্দিষ্ট দায়িত্ব পালন করবেন এবং এর বিনিময়ে এই আকর্ষণীয় পারিশ্রমিক পাবেন।
আরও পড়ুন: আ. লীগ ফিরলে প্রথমে তারেক রহমানকে হত্যা করবে, দাবি নাসিরুদ্দীন পাটওয়ারীর
এই আকর্ষণীয় পারিশ্রমিক পেতে হলে দায়িত্বও কম নয়। নির্বাচিত ব্যক্তিকে পুরো বিশ্বকাপজুড়ে অনুষ্ঠিত ১০৪টি ম্যাচই দেখতে হবে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ‘ফক্স ওয়ান’ নামের অফিসিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রতিটি ম্যাচ মনোযোগ দিয়ে উপভোগ করাই হবে তার মূল কাজ।
তবে শুধু খেলা দেখলেই দায়িত্ব শেষ নয়। ম্যাচ ঘিরে অভিজ্ঞতা, বিশ্লেষণ বা মজার মুহূর্ত তুলে ধরে নিয়মিত সামাজিক মাধ্যমে কনটেন্ট তৈরি ও শেয়ার করতে হবে তাকে। অর্থাৎ, একজন দর্শক হওয়ার পাশাপাশি কিছুটা কনটেন্ট ক্রিয়েটরের ভূমিকাও পালন করতে হবে।
যারা আগ্রহী, তারা ‘ইনডিড’ প্ল্যাটফর্মের মাধ্যমে এই বিশেষ পদের জন্য আবেদন করতে পারবেন। আর কে হচ্ছেন সেই সৌভাগ্যবান ব্যক্তি— তা ঘোষণা করা হবে আগামী ৬ জুন, বোস্টন রেড সক্স ও নিউইয়র্ক ইয়াঙ্কিসের বেসবল ম্যাচ চলাকালে ফক্স চ্যানেলে।
বিশ্বকাপের এই ব্যতিক্রমী চাকরিতে যিনি নির্বাচিত হবেন, তার কর্মস্থলও হবে বেশ অভিনব। তাকে নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারের মাঝখানে বিশেষভাবে তৈরি কাচঘেরা একটি ঘরে বসানো হবে। সেখান থেকেই তিনি টানা বিশ্বকাপের সব ম্যাচ উপভোগ করবেন। শুধু নিজে দেখা নয়, আশপাশ দিয়ে যাওয়া পর্যটকদের অংশগ্রহণে প্রতিটি ম্যাচকে ছোটোখাটো ‘লাইভ ওয়াচ পার্টিতে পরিণত করাও থাকবে তার দায়িত্বের মধ্যে। আয়োজকদের ভাষায়, চলতি গ্রীষ্মের সময় এটি হতে যাচ্ছে সবচেয়ে আকর্ষণীয় চাকরিগুলোর একটি— তবে সুযোগ পাবেন মাত্র একজনই।
আরও পড়ুন: ব্রিকসে বাংলাদেশের অন্তর্ভুক্তির অবিশ্বাস ব্রাজিলের
এদিকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের এই আসরটি বেশ কিছু নতুনত্ব নিয়ে আসছে। এবারই প্রথম ৪৮টি দল অংশ নিচ্ছে, যাদের ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে; প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল। এই বৈশ্বিক ফুটবল উৎসবের ২৩তম আসর আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন