প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুর থেকে বিশেষ অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, একটি পিস্তলসদৃশ খেলনা এয়ারসফট পিস্তল, চারটি ম্যাগাজিন এবং একটি রাউন্ড তাজা গুলিসহ জাহিদ হাসান (১৮) নামের একজন কিশোর গ্যাং নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
গাজীপুর প্রতিনিধি জানায়, সোমবার ভোর রাতে জেলার জয়দেবপুর থানার বানিয়ারচালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার বিকেলে র্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্পে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে স্কোয়াড কমান্ডার (এএসপি) দেবজিত পাল এসব তথ্য জানান।
র্যাব কর্মকর্তা বলেন, জাহিদ হাসান দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন ধরনের অস্ত্রের মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। বিশেষ করে পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ে বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে তার বিরোধ ছিল।
এ ছাড়া, নিজের দলে যোগ দিতে বিভিন্ন ব্যক্তিকে অস্ত্র প্রদর্শন করে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
র্যাব জানায়, সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোর ৪টার দিকে পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল জাহিদ হাসানের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষ থেকে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি এবং একটি পিস্তলসদৃশ খেলনা এয়ারসফট পিস্তল উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্র, ম্যাগাজিন ও গুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং কী উদ্দেশ্যে তার কাছে রাখা হয়েছিল, তা জানতে তদন্ত চলছে। এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে জানানো হয়েছে, জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন