প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জয়পুরহাট জেলার আক্কেলপুরে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ার কারণে তিনটি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের ভিড় ও হুড়োহুড়ির ঘটনা ঘটতে দেখা গেছে।
এদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি জানিয়ে বলেছেন, উপজেলায় জ্বালানি তেলের কোন সংকট নেই।
তাদের দাবি, বর্তমানে পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক অবস্থায় চলছে। গুজবের কারণেই এই অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বুধবার(২২ জুলাই) সন্ধ্যায় আক্কেলপুর ফিলিং স্টেশনে ছবি তুলে দেখা মেলে, স্বাভাবিক অবস্থার তুলনায় সেখানে মোটরসাইকেলের দীর্ঘ সারি।
অনেক চালক একসঙ্গে তেল নিতে এসে অপেক্ষা করছেন এবং কেউ কেউ প্রয়োজনের অতিরিক্ত পরিমাণ তেল কিনে রাখার চেষ্টা করছেন। ফলে কিছু সময়ের জন্য স্টেশনটিতে বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। এজন্য উপজেলার তিলকপুরের তুষার ফিলিং স্টেশন ও রায়কালীর সরদার ফিলিং স্টেশনেও মোটরসাইকেল চালকদের হুড়োহুড়ির সংবাদ পাওয়া গেছে।
আক্কেলপুর ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তাদের কাছে ৭ হাজার লিটার পেট্রল, ৬ হাজার ২০০ লিটার অকটেন এবং ২১ হাজার লিটার ডিজেল মজুদ রয়েছে। নিয়মিতভাবেই জ্বালানি তেলের সরবরাহ পাওয়া যাচ্ছে।
তেল নিতে আসা কয়েকজন মোটরসাইকেল চালক জানিয়েছেন যে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও পরিচিতদের কাছ থেকে বিভিন্ন স্থানে তেল সংকটের খবর শুনে তারা দ্রুত ফিলিং স্টেশনে আসেন। তারা পরে এসে জানতে পারেন যে প্রকৃতপক্ষে কোন সংকট নেই।
মোটরসাইকেল চালক হাসান আলী মন্তব্য করেন, “পরিচিত কয়েকজনের কাছ থেকে শুনলাম তেলের সংকট হতে পারে। তা ছাড়া বিষয়টি ফেসবুকেও ছড়িয়ে পড়েছে।
তাই আমি ঝুঁকি না নিয়ে তেল নিতে চলে এসেছি। কিন্তু পাম্পে এসে জানতে পারলাম পর্যাপ্ত তেল রয়েছে। আসলে গুজবের কারণেই এত ভিড় হয়েছে।”
আক্কেলপুর ফিলিং স্টেশনের ম্যানেজার জিল্লুর রহমান বলেন, “আমাদের পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের মজুদ রয়েছে। সরবরাহও স্বাভাবিক আছে। গুজবের কারণে হঠাৎ অনেক মানুষ একসঙ্গে তেল নিতে আসায় ভিড় হয়েছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।”
ফিলিং স্টেশনের মালিক বজলুর রশিদ মন্টু কবিরাজ উল্লেখ করেন, “জ্বালানি তেলের সংকটের কোনো তথ্য নেই। আমরা ডিপো থেকে নিয়মিত ও পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছি। সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার আহ্বান জানাচ্ছি। অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।”
আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর-রহমান জানান, “উপজেলায় জ্বালানি তেলের কোনো সংকট নেই। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খোঁজ নেওয়া হয়েছে। সরবরাহ স্বাভাবিক রয়েছে। কেউ যেন গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না করে। গুজবে কান না দিয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানাচ্ছি।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন