প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মো. সেলিম সবুজ।
গতকাল শনিবার (১৩ জুন) সন্ধ্যা ৭টায় ভোট গণনা শেষে নির্বাচনের পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে মো. সেলিম সবুজ ২৬৮ ভোট পেয়ে জয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. মোকছেদুর রহমান ২১৫ ভোট পেয়েছেন। এর ফলে মো. সেলিম সবুজ ৫৩ ভোটের ব্যবধানে বিজয়ী হন।
এর আগে সকাল ৯টা থেকে জেলা শহরের চেম্বার ভবনে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে। তীব্র গরম উপেক্ষা করে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মোট ৫৭৬ জন ভোটারের অংশগ্রহণে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
চেম্বার নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে মোট ১৮টি পদের মধ্যে ২টি সহ-সভাপতি এবং ১৫টি পরিচালক পদে অধিকাংশ প্রার্থী আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এই কারণে শুধুমাত্র প্রেসিডেন্ট পদেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বিজয়ের প্রতিক্রিয়ায় সেলিম সবুজ বলেন, জেলার ব্যবসায়ীরা ভোটের মাধ্যমে যে আস্থা ও দায়িত্ব আমার ওপর অর্পণ করেছেন, তার জন্য আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ। খুব দ্রুত ব্যবসায়ীদের সঙ্গে বসে তাঁদের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও কল্যাণে আমি সর্বদা কাজ করে যাব। তিনি বন্ধ হওয়া মোগলহাট স্থলবন্দর পুনরায় সচল করার লক্ষ্যে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু, নিরপেক্ষ ও আনন্দঘন পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন