প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারীদের ডিম্বাশয়ের ক্যানসারকে অনেক সময় ‘নীরব’ ক্যানসার বলা হয়ে থাকে। এর পেছনে কারণ হলো, রোগটির লক্ষণগুলো প্রাথমিক পর্যায়ে অনেকটাই অস্পষ্ট হয়ে থাকে।
পেট ফাঁপা, গ্যাস, অ্যাসিডিটি এবং বদহজমের মতো সাধারণ সমস্যার সাথে এই লক্ষণের মিল থাকার কারণে অনেক নারী বিষয়টিকে গুরুত্ব দেন না। কিছু নারী মানসিক চাপ, খাদ্যাভ্যাসের পরিবর্তন অথবা সাধারণ পেটের সমস্যার কারণে উপসর্গগুলোকে এড়িয়ে যান। তবে কিছু লক্ষণ যদি দীর্ঘ সময় ধরে থাকে, তাহলে সেগুলো ডিম্বাশয়ের ক্যানসারের সতর্কসংকেত হতে পারে।
হজমের সমস্যার সঙ্গে কেন মেলে
ডিম্বাশয় নারীর তলপেটে অন্ত্র এবং অন্যান্য পরিপাক অঙ্গের নিকটবর্তী অবস্থানে থাকে। সেখানে যদি কোনো টিউমার তৈরি হয়, তাহলে আশপাশের অঙ্গের ওপর চাপ পড়তে পারে। পেটে তরল জমা হওয়া বা স্বাভাবিক হজম প্রক্রিয়ার ওপরও এর প্রভাব পড়তে পারে। ফলে অ্যাসিডিটি, গ্যাস, ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস) বা খাবারের পর পেট ফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে।
চিকিৎসকদের মতে, সাধারণ হজমের সমস্যা কখনো বাড়ে, কখনো কমে। অনেক সময় নির্দিষ্ট খাবার বা মানসিক চাপের সঙ্গে এর সম্পর্ক থাকে। কিন্তু ডিম্বাশয়ের ক্যানসারের সঙ্গে সম্পর্কিত উপসর্গগুলো নতুনভাবে দেখা দিতে পারে, ঘন ঘন হতে পারে এবং দীর্ঘস্থায়ী হয়ে উঠতে পারে।
যে ৭ লক্ষণ অবহেলা করবেন না
১. বারবার পেট ফাঁপা: ভারী খাবার খাওয়ার পর সাময়িক পেট ফাঁপা স্বাভাবিক হতে পারে। কিন্তু যদি নিয়মিত পেট ফুলে থাকে বা অস্বস্তি না কমে, তাহলে সতর্ক হওয়া প্রয়োজন। পেটে তরল জমা হওয়া অথবা টিউমারের কারণে এমনটি হতে পারে।
২. অল্প খেয়েই পেট ভরে যাওয়া: সামান্য খাবার খাওয়ার পর পেট ভরে যাওয়ার অনুভূতি, বমিভাব বা ক্ষুধামন্দার মতো উপসর্গ দেখা দিতে পারে।
৩. তলপেট বা শ্রোণিতে ব্যথা: তলপেটে দীর্ঘস্থায়ী ব্যথা, চাপ বা অস্বস্তি ডিম্বাশয়ের ক্যানসারের লক্ষণ হতে পারে। বিশেষ করে যদি ব্যথাটি স্বাভাবিক মাসিকের ব্যথার মতো না হয়, তাহলে গুরুত্ব দেওয়া উচিত।
৪. মলত্যাগের অভ্যাসে পরিবর্তন: নতুন করে কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া অথবা পর্যায়ক্রমে দুটির কোনোটিতে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
৫. ঘন ঘন প্রস্রাব: স্বাভাবিকের তুলনায় বেশি প্রস্রাবের চাপ বা হঠাৎ প্রস্রাবের বেগ হওয়ার পেছনে টিউমার বা পেটে জমা তরলের কারণে মূত্রথলিতে চাপ পড়তে পারে।
৬. কোমরব্যথা ও ক্লান্তি: দীর্ঘস্থায়ী কোমরব্যথার সাথে অস্বাভাবিক ক্লান্তি থাকলে বিষয়টি অবহেলা করা উচিত নয়।
৭. অকারণে ওজনের পরিবর্তন: কারো পেটে তরল জমে আকার বেড়ে যেতে পারে। আবার ক্ষুধা কমে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ওজন কমতে পারে।
কখন চিকিৎসকের কাছে যাবেন
চিকিৎসকের পরামর্শ হলো, নতুন কোনো উপসর্গ দেখা দিলে এবং তা দুই থেকে তিন সপ্তাহের বেশি স্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। যদি পরিবারের মধ্যে ডিম্বাশয় বা স্তন ক্যানসারের ইতিহাস থাকে, সেটিও চিকিৎসককে জানাতে হবে। উপসর্গ কখন ঘটছে, কতক্ষণ স্থায়ী হচ্ছে এবং কী কারণে বাড়ছে বা কমছে, তা লিখে রাখলে চিকিৎসকের মূল্যায়নে সুবিধা হয়।
কীভাবে শনাক্ত করা হয়
ডিম্বাশয়ের ক্যানসারের সন্দেহ হলে চিকিৎসক পেলভিক পরীক্ষা, ট্রান্সভ্যাজাইনাল আলট্রাসাউন্ড এবং রক্তে সিএ-১২৫ নামক প্রোটিনের মাত্রা পরীক্ষা করার পরামর্শ দিতে পারেন। তবে শুধুমাত্র আলট্রাসাউন্ড বা সিএ-১২৫ পরীক্ষার ফলাফল দিয়ে ক্যানসার নিশ্চিত করা সম্ভব নয়। রোগীর উপসর্গ এবং চিকিৎসার ইতিহাস বিবেচনায় আরও পরীক্ষা প্রয়োজন হতে পারে।
৪৫ বছরের বেশি বয়স, পরিবারে ডিম্বাশয় বা স্তন ক্যানসারের ইতিহাস, বিআরসিএ-১ ও বিআরসিএ-২ জিনের বংশগত পরিবর্তন, কখনো গর্ভধারণ না করা এবং এন্ডোমেট্রিওসিসের ইতিহাস ঝুঁকি বাড়াতে পারে। তবে এসব ঝুঁকি থাকলেই ক্যানসার হবে, এমন নয়।
চিকিৎসকের পরামর্শ হলো, দীর্ঘস্থায়ী উপসর্গ থাকলে শুধুমাত্র গ্যাসের ওষুধ বা খাদ্যাভ্যাস পরিবর্তনের ওপর নির্ভর করা উচিত নয়। নিজে নিজে রোগ নির্ণয়ের চেষ্টা না করে চিকিৎসক বা স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন