প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের বরেণ্য কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মরণে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে "স্মরণকথন"। এই আয়োজন হিমু পাঠক আড্ডার উদ্যোগে আজ রোববার (১৯ জুলাই) দুপুরে শহরের মোক্তারপাড়া জেলা প্রেসক্লাবের ছাদনাতলা উন্মুক্ত মিলনায়তনে ব্যবস্থা করা হয়, যেখানে উপস্থিত ছিলেন সাংবাদিক, লেখক, সাহিত্যিক ও সাংস্কৃতিক লোকজন সহ হুমায়ূন ভক্তরা।
"স্মরণকথন" অনুষ্ঠানে আলোচনার বিষয়বস্তু ছিল প্রিয় লেখকের ১৪তম প্রয়াণ দিবস। এই বিশেষ দিনে লেখকের কর্ম এবং জীবন নিয়ে আলোচনা করা হয়। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লেখক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। অনুষ্ঠানে লেখকের সাহিত্যকর্মের উপর আলোচনা করেন প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, প্রফেসর নাহিদ ফেরদৌস, নেত্রকোনা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. কামরুল হাসান এবং নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুলতান মাহমুদ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রধানগণ।
হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা পরিচালক আলপনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠান শুরুতেই কালোব্যাজ ধারণ করা হয়। এরপর দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্মরণকথনে পরবর্তীতে আলোচনা করা হয় লেখকের কালজয়ী সিনেমাগুলো কিভাবে সমাজে প্রভাব ফেলেছে এবং তরুণ প্রজন্মকে কিভাবে আকৃষ্ট করেছে।
এছাড়া, স্মরণকথনে সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও সাহিত্যিকসহ বিভিন্ন বয়সের হুমায়ূন ভক্তরা লেখকের উপন্যাসের বিশ্লেষণের পাশাপাশি আগামী প্রজন্মকে বই পড়তে উদ্বুদ্ধ করার জন্য এমন আয়োজন করার প্রস্তাব জানান।
লেখকের জন্মস্থান মোহনগঞ্জের শেখ বাড়িতে লেখকের জন্মঘরে দোয়া মাহফিল আয়োজন করা হয় ও পৈত্রিক ভিটা কেন্দুয়ার কুতুবপুরে লেখক প্রতিষ্ঠিত শহিদ স্মৃতি বিদ্যাপীঠে কুরআন খতমসহ শোক পালন করা হয়।
উল্লেখ্য, ১৯৪৮ সালের ১৩ নভেম্বর মায়ের প্রথম সন্তান হিসেবে এবং নানার বাড়ির প্রথম নাতি হিসেবেও মোহনগঞ্জের শেখ বাড়িতে লেখকের জন্ম হয়। কিংবদন্তি এই লেখক ২০১২ সালের ১৯ জুলাই চিকিৎসাধীন অবস্থায় আমেরিকায় মারা যান। লেখক নিজ গ্রামে পৈত্রিক ভিটায় শহীদ স্মৃতি বিদ্যাপীঠ নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে গেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন