প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশব্যাপী সৃষ্টি হওয়া আলোড়নকারী তিন ঘটনায় বিশেষ কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সরকারি উদ্যোগে পুলিশ বাহিনীর ১৫ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। এই পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যেককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ তহবিল থেকে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান এবং তিনজন নৌ পুলিশ সদস্যকে আইজি ব্যাজ প্রদান করা হয়েছে।
৮ জুন সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের হাতে এই পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার ‘শিষ্টের পালন ও দুষ্টের দমন’ এবং ‘পুরস্কার ও তিরস্কার’ নীতিতে বিশ্বাস করে। এই নীতির আলোকে পুলিশ বাহিনীর নৈতিক মনোবল বৃদ্ধি করা এবং তাদের আরও সেবামুখী ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, ভালো কাজের স্বীকৃতি এবং মন্দ কাজের জন্য যথাযথ তিরস্কারের সংস্কৃতি পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল, আন্তরিক ও ন্যায়নিষ্ঠভাবে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে।
পুরস্কারপ্রাপ্তদের বিশেষ কৃতিত্বের মধ্যে রয়েছে পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার রহস্য উদ্ঘাটন, দৌলতদিয়া ফেরিঘাটে নৌ পুলিশের বীরত্বপূর্ণ অভিযান এবং মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার এক কিশোরীর ক্লু-লেস হত্যা মামলার সফল তদন্ত।
পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলায় দুর্দান্ত গতিতে আসামিকে গ্রেফতার, ডিএনএ টেস্ট ও পোস্টমর্টেম রিপোর্ট সম্পন্ন করা, ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ এবং দ্রুত আদালতকে রায় ঘোষণায় সহায়তা করার জন্য পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. জাহিদ হোসেন এবং এসআই (নিরস্ত্র) অহিদুজ্জামানসহ মিরপুর জোনের আভিযানিক দলের মোট ৯ জন কর্মকর্তা পুরস্কৃত হয়েছেন।
দৌলতদিয়া ফেরিঘাটে নৌ পুলিশের বীরত্ব সম্পর্কে উল্লেখ করা যায় যে, ঈদুল আজহা পরবর্তী সময়ে নিয়মিত দায়িত্ব পালনকালে এই স্থানেই নিজেদের জীবন ঝুঁকির মধ্য দিয়ে একটি যাত্রীবাহী বাসকে তাৎক্ষণিক খালি করার মাধ্যমে অন্তত ৫০ জন যাত্রীর জীবন রক্ষা করেছেন মাদারীপুরের চর জানাজাত ও কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আবুজার গিফারীসহ তিনজন নৌ পুলিশ কর্মকর্তা।
মুন্সিগঞ্জের গজারিয়ায় ক্লু-লেস কিশোরী হত্যা মামলার তদন্তে নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা কিশোরীর লাশের পরিচয় শনাক্তকরণসহ আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে মাত্র একদিনের মধ্যে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করে চারজন আসামীকে গ্রেফতার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি নিশ্চিত করার জন্য পিবিআই মুন্সিগঞ্জের এসআই (নিরস্ত্র) রনি দেবনাথসহ তিনজন কর্মকর্তা পুরস্কৃত হয়েছেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) ড. জিয়াউদ্দিন আহমদ, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন