প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ আফ্রিকায় চলমান অভিবাসী বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করে দিয়েছে প্রেটোরিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
শনিবার (১৩ জুন) হাইকমিশনের পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, দক্ষিণ আফ্রিকায় অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের দেশত্যাগে বাধ্য করতে রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা বাংলাদেশসহ বিভিন্ন দেশের সঙ্গে সম্মিলিতভাবে আলোচনা করছে দেশটির কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের সঙ্গে।
হাইকমিশন জানায়, গত ১০ জুন জোহানেসবার্গ বিমানবন্দরে আটক হওয়া ৯ জন বাংলাদেশি নাগরিকের অবৈধ ভ্রমণ এবং গ্রেফতারের ঘটনা স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ায় বিষয়টি ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি করেছে। এছাড়া গত দুই দিনে আরও প্রায় ২০ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে দক্ষিণ আফ্রিকায় প্রবেশ করে আটক হয়ে দেশত্যাগে বাধ্য হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে।
বার্তায় হাইকমিশন স্পষ্ট জানাচ্ছে, এ ধরনের পরিস্থিতিতে কোনও অনিয়ম বা অবিবেচনাপ্রসূত আচরণ অনাকাঙ্ক্ষিত। তাই বিদেশ ভ্রমণ, বসবাস ও জীবিকা নির্বাহের ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা অত্যন্ত জরুরি।
হাইকমিশন আরও জানায়, অবৈধ অভিবাসনের কারণে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিভিন্ন দেশে ভিসা পাওয়া কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ছে। অসুবিধা থেকে মুক্তি পেতে সবার প্রতি আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া দক্ষিণ আফ্রিকায় চলমান সহিংস পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিক ও তাদের ব্যবসাপ্রতিষ্ঠান সুরক্ষার জন্য স্থানীয় পুলিশ ও প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। প্রবাসীদের বৈধ কাগজপত্র হালনাগাদ রাখা, নিরাপদ থাকা এবং স্থানীয় কমিউনিটির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়েও পরামর্শ দেওয়া হয়েছে।
এমন পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে সকলকে হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন