প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচারহীনতার ১৫৯ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) সন্ধ্যায় শহরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বি। তিনি বলেন, 'আমাদের বিচার ব্যবস্থা এখনো পুরোপুরি প্রধানমন্ত্রীনির্ভর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়েছেন তাই ত্বকী হত্যার বিচার সাড়ে ১১ বছর বন্ধ, প্রধানমন্ত্রী তারেক রহমান চেয়েছেন বলে রামিছা হত্যার বিচার ১৯ দিনে সম্পন্ন।' এটা কোনো স্বাধীন বিচারব্যবস্থা নয়, বরং এটি সরকারের নিয়ন্ত্রণে থাকা বিচারব্যবস্থা।
তিনি আরও জানান, 'স্বাধীনতার ৫৫ বছরেও আমরা দেশে একটি বিচারব্যবস্থা তৈরি করতে পারিনি। এত বছরে দেশে কোনো সরকারই তা চায় নাই।' তিনি অভিযোগ করেন যে সরকারগুলো চেয়েছে বিচারব্যবস্থাকে কেবল ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার বানাতে। 'নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করা না গেলে এই বিচারব্যবস্থায় জনগণের লাভ হবে না।'
রফিউর রাব্বি জানান, 'এ পর্যন্ত ১০৪ বার ধার্য তারিখ অতিবাহিত হলেও অভিযোগপত্র আদালতে জমা পড়েনি।' শেখ হাসিনার শাসনামলে ত্বকীর ঘাতকরা সারা শহর বীরদর্পে দাপিয়ে বেড়িয়েছে। এখন ঘাতকরা পালিয়ে গেলেও সে ঘাতকের ছবি নিয়ে দুর্বৃত্তরা মিছিল করে। প্রশাসন তখনো ঘাতকদের বিরুদ্ধে ছিল না, এখনো তারা নীরব।
সমাবেশে বক্তারা দ্রুত ত্বকী হত্যার বিচার দাবি করেন। ১৪ বছর আগে সংঘটিত সাগর-রুনি হত্যা ও ১০ বছর আগে সংঘটিত তনু হত্যা-সহ নারায়ণগঞ্জে ওসমান পরিবার দ্বারা নিহত সকল হত্যার বিচার দাবি করেন।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীনা তাজরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিশু সংগঠক রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা প্রদীপ ঘোষ বাবু, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু এবং ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।
এখানে উল্লেখ্য যে, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তানভীর মুহাম্মদ ত্বকী। দু’দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ত্বকী হত্যার পর থেকে বিচার শুরু ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন-সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন