প্রিন্ট এর তারিখঃ ১৯ই নভেম্বর, ২০২৬ইং; ০৪:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ ১৯ই নভেম্বর, ২০২৬ইং; ০৩:৪৬ পি.এম
বাউফলে বিএনপি কার্যালয়ের সামনে টায়ারে আগুন, ক্ষতিগ্রস্ত ব্যানার-সাইনবোর্ড
পটুয়াখালীর বাউফলে কাছিপাড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে টায়ারে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে কার্যালয়ের সামনের বারান্দা, ব্যানার, সাইনবোর্ড ও খুঁটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের (ডানিডা) দয়িয়াবাদ এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে কয়েকজন মুসল্লি কার্যালয়ের সামনে পোড়া গন্ধ পান। পরে সেখানে গিয়ে তাঁরা আগুনে পুড়ে যাওয়া টায়ারের অংশ দেখতে পান। তাঁদের ডাকাডাকিতে আশপাশের লোকজন ছুটে আসেন। এতে আগুন ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে কার্যালয়ের সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, পরিকল্পিতভাবে টায়ারে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কাছিপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম লিটন বলেন, রাতে অগ্নিসংযোগের খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুম আলী স্বপন বলেন, কার্যালয়ের সামনে আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"