প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (৪৫) নামে এক ইলেকট্রিশিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর প্রায় ৪টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাহেবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম উপজেলার দক্ষিণ ইউনিয়নের কেন্দুয়াই গ্রামের পশ্চিমপাড়ার মৃত মালেক মিয়ার ছেলে। তিনি স্ত্রী ও পাঁচ সন্তান রেখে গেছেন। পরিবারের দাবি, চরম অভাব-অনটনের মধ্যেই চলছিল তাদের সংসার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাহেবনগর এলাকায় ভেকু (এক্সকাভেটর) দিয়ে বালু ফেলে জমি ভরাটের সময় বিদ্যুতের একটি সার্ভিস লাইন ছিঁড়ে যায়। পরে সেটি মেরামতের জন্য শফিকুল ইসলামকে ডেকে আনা হয়। ভেকুর সাহায্যে উপরে উঠে লাইন সংযোগ দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পর ঘটনাস্থলে থাকা দুই শ্রমিক পালিয়ে যান।
নিহতের ভাতিজা আবু সালেক অভিযোগ করেন, গাজীরবাজার এলাকার হেলাল ও রাজেন্দ্রপুর এলাকার জহির শফিকুল ইসলামকে মোটরসাইকেলে করে কাজের জন্য নিয়ে যান। তাদের ভেকুতে উঠে ছিঁড়ে যাওয়া সার্ভিস লাইন মেরামতের সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তিনি আরও অভিযোগ করেন, সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে রাতের আঁধারে অবৈধভাবে ভেকু দিয়ে জমি ভরাটের কাজ করে আসছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন,
"বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন