প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি দুর্ঘটনায় বিদায় দিতে গিয়ে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে মমতাজ বেগম (৩৫) নামে এক গৃহবধূ প্রাণ হারিয়েছেন। একই পরিবারের ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বউবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মমতাজ টঙ্গীবাড়ি উপজেলার বজ্রযোগিনির দুবাই প্রবাসী মো. লিটন সরকারের স্ত্রী।
নিহত মমতাজের ভাই মো. ফিরুজ বলেন, টঙ্গীবাড়ি উপজেলার বজ্রযোগিনির দুবাই প্রবাসী মো. লিটন সরকার তার স্ত্রী মমতাজ বেগম, সন্তান তোহাদ, ফাতেমাসহ পরিবারের ১১ সদস্য নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। মঙ্গলবার রাত ৮ টার ফ্লাইটে তার দুবাই যাওয়ার কথা ছিল। তাদের সাদা রঙের মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়।
এ ঘটনায় মমতাজ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও ১০ যাত্রী আহত হয়েছেন।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ ও মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মরদেহ সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনায় মমতাজ বেগম (৩৫) ঘটনাস্থলেই প্রাণ হারান এবং ১০ জনকে উদ্ধার করে প্রথমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আহতদের মধ্যে ৬ জনকে ঢাকায় এবং দুজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন