প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্লাস্টিক দূষণ রোধ, পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটি সরকারি কলেজে ব্যতিক্রমী কর্মসূচি ‘বোতলের বিনিময়ে গাছ’ আয়োজন করেছে বিডি ক্লিন রাঙ্গামাটি টিম। কর্মসূচিতে পরিত্যক্ত প্লাস্টিক বোতল জমা দিয়ে বিনিময়ে চারা গাছ সংগ্রহ করেন শিক্ষার্থীসহ অংশগ্রহণকারীরা।
‘প্লাস্টিক বোতল দিন, চারা গাছ নিন’—এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল যত্রতত্র ফেলে দেওয়া প্লাস্টিক বোতল সংগ্রহের মাধ্যমে পরিবেশ দূষণ কমানো এবং বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করা।
কর্মসূচিতে প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করা হয়। এসব প্রদর্শনীর মাধ্যমে প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব, প্রকৃতির ওপর এর দীর্ঘমেয়াদি বিরূপ প্রতিক্রিয়া এবং বর্জ্যের সঠিক ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। প্রদর্শনীগুলো শিক্ষার্থী ও দর্শনার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নাসিমুল হক, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মনোয়ার কবীর এবং শিক্ষক পরিষদের সম্পাদক অনির্বাণ বড়ুয়া।
কর্মসূচির শেষ পর্যায়ে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষার শপথ নেন। এ সময় তাঁরা প্লাস্টিক বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা, পরিবেশ পরিচ্ছন্ন রাখা, বৃক্ষরোপণে উৎসাহিত হওয়া এবং নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
আয়োজকরা জানান, প্লাস্টিক দূষণ বর্তমানে পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্লাস্টিক বর্জ্য মাটি, নদী, খাল ও জলাশয়ের পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমানোর পাশাপাশি ব্যবহৃত প্লাস্টিক বোতল যথাযথভাবে সংগ্রহ ও পুনর্ব্যবস্থাপনা করা জরুরি।
তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং প্লাস্টিক দূষণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ছোট ছোট উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মনে করেন আয়োজকরা।
‘সবুজ হোক মন, সবুজ হোক পৃথিবী’—এ প্রত্যয়ে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিডি ক্লিন রাঙ্গামাটি টিমের সদস্যরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন