প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রামিসা হত্যা মামলায় হাইকোর্টে আসামিদের ডেথ রেফারেন্সের শুনানি আগামী রবিবার শুরু হচ্ছে। মামলাটি পরিচালনার জন্য রাষ্ট্রপক্ষের একটি বিশেষ আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে।
এ ধরনের ধর্ষণ ও হত্যা মামলার বিচার মূলতবি ছাড়া বিরতিহীনভাবে চলতে থাকবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
বৃহস্পতিবার (১১ জুন) তিনি নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্সের শুনানি তিনি নিজেই করবেন।
এর আগে গত বুধবার প্রধান বিচারপতি নারী ও শিশু নির্যাতন মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চ গঠন করেন। রবিবার থেকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা সমন্বয়ে গঠিত এই হাইকোর্ট বেঞ্চ বিচার কাজ পরিচালনা করবেন।
সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা একটি বিজ্ঞপ্তিতে এটি উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, এই বেঞ্চ শুধুমাত্র নারী ও শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত মৃত্যুদণ্ডাদেশ কনফারমেশনের রেফারেন্স এবং একই রায়ের ফলে উদ্ভূত সমস্ত ফৌজদারি আপিল ও জেল আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করবে।
এর আগে গত ৯ জুন, রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড (ডেথ রেফারেন্স) অনুমোদনের জন্য নথি হাইকোর্টে জমা হয়।
দুই আসামির ফাঁসির রায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন স্বাক্ষরের পরে ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়।
ফৌজদারি কোনো মামলায় আসামির মৃত্যুদণ্ড কার্যকর করতে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন, যা ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) মামলা হিসেবে পরিচিত।
গত ৭ জুন, রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে আসামি সোহেল রানা এবং স্বপ্না আক্তারের ফাঁসির রায় ঘোষণা করে আদালত। আসামিদের উপস্থিতিতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মৃত্যুদণ্ডের এই রায় ঘোষণা করেন।
এছাড়া আসামি সোহেলকে ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অপরদিকে, আসামি স্বপ্নারকেও দণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন