প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
॥ রোস্তম আলী মন্ডল ॥
দিনাজপুর, ১৩ নভেম্বর ২০২৬ : বিরামপুর উপজেলার পলিপ্রায়াগপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে প্রবাহিত ছোট যমুনা নদী প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা। এই মনোরম স্থানটি ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিতি অর্জন করেছে। সঠিক পরিচর্যা ও পরিকল্পনার মাধ্যমে এটি একটি লাভজনক এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।
জেলার বিরামপুর উপজেলার পলিপ্রায়াগপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের পাশে প্রবাহিত ছোট যমুনা নদীতে গিয়ে বিপুল সংখ্যক পর্যটকের উপস্থিতি লক্ষ্য করা যায়। নদীর স্বচ্ছ পানি প্রবাহিত হচ্ছে, দুই তীরে সবুজের সমারোহ এবং ওপরে নীল আকাশ বিরাজমান।
পলিপ্রায়াগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রহমত আলী বাসসকে জানান, ‘ছোট যমুনা নদীর উপর শ্রীপুর ঘাটে সম্প্রতি একটি নতুন ব্রিজ নির্মিত হয়েছে। নীচে স্বচ্ছ পানির প্রবাহ, দুই পাশে সবুজ প্রকৃতি আর ওপরে নীল আকাশ। মোটা বালু, পাথুরে নদীর তলদেশ, চারপাশে সবুজের সমারোহে এক নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশ। জায়গাটিকে প্রকৃতির হাতে আঁকা এক অপরূপ ছবি মনে হয়।’
সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওর মাধ্যমে স্থানটি ব্যাপক পরিচিতি পেয়েছে। ফলে প্রতিদিনই দর্শনার্থীদের আগমন বৃদ্ধি পাচ্ছে এবং প্রকৃতি মুখরিত হয়ে উঠছে।
‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত এই প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকায় স্বচ্ছ পানির ওপর সূর্যের আলোর ঝিলিক, নদীর বুকে ছড়িয়ে থাকা পাথর এবং দুই তীরের সবুজ প্রকৃতির অপূর্ব মেলবন্ধন দেখা যায়। বিশেষ করে দুপুরে কোমল রোদে নদীর স্বচ্ছ পানির সৌন্দর্য আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। শহরের কোলাহল থেকে দূরে এমন শান্ত ও নির্মল পরিবেশ ভ্রমণ পিপাসুদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।
পলিপ্রায়াগপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মো. রাশেদুল ইসলাম বাসসকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই জায়গাটি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
স্থানীয়দের পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলা এবং দূর-দূরান্ত থেকে প্রকৃতি প্রেমী মানুষ পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে এখানে আসতে শুরু করেছে।
তিনি বলেন, প্রতিদিন শত শত দর্শনার্থীর উপস্থিতি দেখা যাচ্ছে। এলাকাটি উৎসব মুখর হয়ে উঠেছে। কেউ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন, কেউ পানিতে নেমে সময় কাটাচ্ছেন, আবার অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।
স্থানীয়দের মতে, বিরামপুরের এই প্রাকৃতিক স্থানটি সঠিকভাবে পরিচর্যা ও পরিকল্পিতভাবে সংরক্ষণ করা হলে এটি দিনাজপুর জেলার অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে ব্যবসা-বাণিজ্য, ক্ষুদ্র উদ্যোক্তা এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
জেলার পার্বতীপুর উপজেলার হাবড়া গ্রামের নুরুজ্জামান মিয়া (৩৫) বলেন, "আমার স্ত্রী সুফিয়া বেগম ও শিশু পুত্র নাইমুজ্জামানকে নিয়ে মোটরসাইকেলে করে ফেসবুকে ভাইরাল ‘মিনি সুইজারল্যান্ড’ দেখতে এসেছি। বর্তমানে স্থানটি অপরূপ সৌন্দর্য ধারণ করেছে। এই অপরূপ সৌন্দর্য দেখে তৃপ্ত হয়েছি।"
দর্শনার্থীর সংখ্যা অতিরিক্ত বেড়ে যাওয়ায় কিছু উদ্বেগও দেখা দিয়েছে। অতিরিক্ত ভিড়, অসতর্কভাবে পানিতে নামা, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে প্রাকৃতিক পরিবেশ দূষণ ও দর্শনার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে শিশু ও সাঁতার না জানা ব্যক্তিদের পানিতে নামার ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন।
স্থানটির প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতামূলক সাইন বোর্ড, নিরাপদ চলাচলের ব্যবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং পর্যাপ্ত নজরদারি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।
প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এই স্থানটি শুধু বিনোদনের কেন্দ্র নয়, নতুন পর্যটন সম্ভাবনারও একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠতে পারে। প্রয়োজনীয় পরিকল্পনা, পরিবেশ সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে দিনাজপুরের এই ‘মিনি সুইজারল্যান্ড’ একদিন দেশজুড়েই পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে।
বিরামপুর থানার ওসি পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক বাসসকে বলেন, ‘মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত ছোট যমুনা নদীর শ্রীপুর ঘাটে স্বচ্ছ পানি প্রবাহিত হওয়ায় প্রকৃতিপ্রেমী লোকজনের আগমন ঘটেছে। এ ধরনের তথ্য আমি জেনেছি। বিষয়টি দিনাজপুর জেলা পুলিশ সুপার মহোদয়কে অবহিত করা হয়েছে। এখন থেকে প্রায়াগপুরের পর্যটন এলাকায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুন বলেন, আমি কয়েকদিন আগে এলাকাটি পরিদর্শন করেছি।
এলাকাটি আমার কাছেও ভালো লেগেছে। এলাকাটির সৌন্দর্যের জন্যই উৎসুক জনগণ এবং ভ্রমণপিপাসুদের ভিড় বাড়ছে। স্থানটির প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন