প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল নগরীর সিলভার পট্টি ও কসাইখানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বসিক)। আজ (রবিবার) সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে আইন অমান্য ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ৬টি ব্যবসাপ্রতিষ্ঠানকে বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড দেওয়া হয় এবং রাস্তার ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সিটি কর্পোরেশন সূত্র জানায়, সিলভার পট্টি ও কসাইখানা এলাকায় দীর্ঘদিন ধরে কিছু ব্যবসায়ী জনসাধারণের চলাচলের পথ দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। অভিযানে জনসাধারণের চলাচলের পথ দখল করার অপরাধে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে 'স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯'-এর ৯২(৭) ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে চলাচলের পথের ওপর নির্মিত সকল অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
এ ছাড়া, ব্যবসা পরিচালনার জন্য বৈধ ট্রেড লাইসেন্স না থাকায় ১টি প্রতিষ্ঠানকে 'স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯'-এর ৯২(৩) ধারায় জরিমানা করা হয়। অভিযানে যেসব প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে কিন্তু নবায়ন করা হয়নি, তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে লাইসেন্স নবায়নের জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
অন্যদিকে, কসাইখানা ও সিলভার পট্টি এলাকার বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য ও ব্যবসা পরিচালনার দায়ে আরও ২টি প্রতিষ্ঠানকে 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯'-এর ৫৩ ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান জানান, নগরবাসীর নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা, বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সিটি কর্পোরেশনের এই ধরনের তদারকি ও মোবাইল কোর্ট অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে বরিশাল সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন