প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে আটজন মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। তাদের মধ্যে একজন নিজেকে বাংলাদেশি হিসেবে দাবি করে ভুয়া জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ প্রদর্শন করেছিলেন।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে বিজিবির রেজুপাড়া বিওপি এবং পুলিশের একটি যৌথ টহল দল অভিযানে অংশগ্রহণ করে।
কক্সবাজারের ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটক হওয়া মিয়ানমার নাগরিকদের মধ্যে আছেন মংবা তংচংগা (৩৪), মংম (২০), কিংলা থুয়াইং (২১), রুপার (১৯), থাইংসা মং (৪০), তুলি (২০), তানতানাইং (২০) এবং মংতা নাইং (২০)। তারা সকলেই মিয়ানমারের মংডু ঢেকিবুনিয়া এলাকার অধিবাসী।
বিজিবি জানায়, আটকের পর মংবা তংচংগা নিজেকে বাংলাদেশি নাগরিক দাবি করে একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ হস্তান্তর করেন। তবে পরবর্তী যাচাই-বাছাইয়ে উক্ত কাগজপত্রের কোনো সত্যতা পাওয়া যায়নি।
আটকদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়ার পর তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক জানান, ‘বিজিবি শুধুমাত্র সীমান্ত প্রহরায় নিয়োজিত নয়, বরং মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ, মানব পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং সীমান্তকেন্দ্রিক সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ দমন করতে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন