প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ডিসেম্বরের শুরুতে সিঙ্গাপুরে ফিফার দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার উদ্দেশ্যে বন্দরনগরীর বাইরে আনোয়ারার কর্ণফুলী নদীর তীরে শান্ত পরিবেশে নিবিড় অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। অন্তর্বর্তীকালীন ফরাসি কোচ এরিক মেয়ারের অধীনে কোরিয়ান ইপিজেডের (কেইপিজেড) সবুজ মাঠে ঘাম ঝরাচ্ছেন মারিয়া মান্ডা, ঋতুপর্ণা ও আফঈদারা।
গত ৩১ অক্টোবর থেকে কেইপিজেডের নিজস্ব মাঠে এক মাসের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করছে দলের ৪৪ সদস্যের বহর। ঢাকার মাঠে ব্যস্ততার কারণে বাফুফের অনুরোধে কেইপিজেড কর্তৃপক্ষ তাদের মাঠটি বরাদ্দ করেছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত এই ক্যাম্প চলবে। যেখানে অনুশীলনের পাশাপাশি সুইমিং ও জিমের মাধ্যমে নিজেদের প্রস্তুত করছেন ফুটবলাররা।
এদিকে প্রধান কোচ পিটার বাটলার হঠাৎ অসুস্থ হয়ে ইংল্যান্ডে যাওয়ার পর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরটি দলের খেলোয়াড়দের কিছুটা মর্মাহত করেছে। তবে নতুন কোচ এরিক মেয়ারের নেতৃত্বে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর বাঘিনীরা। কোচ পিটার বাটলারের প্রতিষ্ঠিত কৌশল ও নিয়মানুবর্তিতাই বজায় রাখার ঘোষণা দিয়ে এরিক মেয়ার জানান, আফ্রিকান দলগুলোর সাথে কাজ করার অভিজ্ঞতার আলোকে তিনি বাংলাদেশের মেয়েদের খেলায় দারুণ মান ও শৃঙ্খলা দেখতে পেয়েছেন। সিঙ্গাপুরের সাম্প্রতিক ম্যাচগুলোর ভিডিও বিশ্লেষণ করে দুটি ম্যাচেই জয় ছিনিয়ে আনতে খেলোয়াড়দের কৌশলগত প্রশিক্ষণ দিচ্ছেন তিনি।
কোরিয়ান ইপিজেড কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর মো. শাহজাহান জানান, কেইপিজেড চেয়ারম্যান কিহাক সাং শিল্পের প্রসারের পাশাপাশি খেলাধুলার বিকাশেও বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। সে লক্ষ্যেই চতুর্থবারের মতো জাতীয় নারী ফুটবল দলকে তাদের মাঠে অনুশীলনের সুযোগ দেওয়া হয়েছে।
আগামী ১ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে সিঙ্গাপুরের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই দুটি প্রীতি ম্যাচে জয়লাভের মাধ্যমে বাংলাদেশ নারী ফুটবল দল নতুন ইতিহাস গড়বে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন