প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে ইরানের কট্টরপন্থি নেতাদের সরিয়ে দেওয়ার জন্য সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। এই অভিযানে ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। এনবিসি নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা ও আলোচনার বিষয়ে অবগত একজন ব্যক্তির উদ্ধৃতি দিয়ে বলা হয়, প্রশাসনের একটি অংশ মনে করছে যে, ইরানের নেতাদের অবস্থান শনাক্ত করে যেকোনো সময় তাদের হত্যা করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। যদি এটি প্রমাণিত হয়, তাহলে যুদ্ধ শেষ করার একটি পথ খুলে যাবে। এতে ট্রাম্পের জন্য যুদ্ধ থেকে বেরিয়ে আসার সুযোগ সৃষ্টি হবে।
তবে, প্রশাসন ও সামরিক বাহিনীর মধ্যে এই পরিকল্পনার বিরুদ্ধে বিরোধিতা রয়েছে। বিরোধীদের আশঙ্কা, ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা চালালে দেশটির অবশিষ্ট কর্মকর্তারা আরও কঠোর অবস্থান নিতে পারেন।
এতে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ শান্তি আলোচনা নিয়ে বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি, মার্কিন সেনা ও কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলার ঝুঁকিও বৃদ্ধি পাবে।
ইরানের হুমকির কারণে সম্প্রতি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট একটি সামরিক ঘাঁটিতে স্থানান্তরিত হয়েছেন। ট্রাম্প প্রশাসনের আরও কয়েকজন মন্ত্রিসভার সদস্যও একই ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছেন।
প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি। তিনি বিভিন্ন ধরনের সামরিক পদক্ষেপের সম্ভাবনা বিবেচনা করছেন।
গত সপ্তাহে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, বড় ধরনের সামরিক পদক্ষেপ গ্রহণের আগে নতুন বছর পর্যন্ত অপেক্ষা করতে পারেন। এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে পেন্টাগন কোনো প্রতিক্রিয়া জানায়নি বলে এনবিসি নিউজ জানিয়েছে।
এদিকে, পেন্টাগন সামনের দিকে সামরিক অভিযানের বিকল্পগুলো আরও বিস্তৃত করেছে। সম্ভাব্য পদক্ষেপের মধ্যে রয়েছে বড় পরিসরে সামরিক অভিযান পুনরায় শুরু করা, ইরানের খার্গ দ্বীপের তেল স্থাপনা, কেশম দ্বীপের জ্বালানি অবকাঠামো এবং পিকঅ্যাক্স মাউন্টেনের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনায় হামলা চালানো।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে সামরিক আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ওইদিনই মার্কিন হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর তার স্থলাভিষিক্ত হন ছেলে মোজতবা খামেনি। তবে বাবার ওপর হামলায় আহত হওয়ার পর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন