প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার মিটফোর্ড হাসপাতালের মিনিয়ালস কোয়ার্টার (সুইপার কলোনি) থেকে দীর্ঘদিনের বাসিন্দাদের উচ্ছেদের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন হরিজন সম্প্রদায়ের বাসিন্দারা। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মিটফোর্ড হাসপাতাল প্রাঙ্গণের সুইপার কলোনিতে হরিজন সম্প্রদায়ের মানুষ প্রায় ১৬৮ বছর ধরে বসবাস করে আসছেন। সম্প্রতি তাদের আগামী ৩০ আগস্টের মধ্যে বাসস্থান খালি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। এতে দীর্ঘদিনের আবাসস্থল হারিয়ে পরিবারগুলোর জীবন-জীবিকা ও সামাজিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, মিটফোর্ড হাসপাতালের সুইপার কলোনিতে প্রায় ৬১টি পরিবার বসবাস করছে। সেখানে প্রায় ২০০ থেকে ২৫০ জন মানুষের বসবাস। তাদের অনেকেই হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছেন।
বক্তারা বলেন, একটি সম্প্রদায়ের দীর্ঘদিনের বসতি উচ্ছেদ শুধু আবাসন সংকট তৈরি করবে না, এর সঙ্গে শিক্ষা, চিকিৎসা, জীবিকা ও সামাজিক নিরাপত্তার বিষয়ও জড়িত। তাই উচ্ছেদের আগে বাসিন্দাদের জন্য স্থায়ী ও নিরাপদ পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে—স্থায়ী ও গ্রহণযোগ্য পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত কোনো পরিবারকে উচ্ছেদ না করা, পুনর্বাসনের স্থান নির্ধারণে বাসিন্দাদের মতামত নেওয়া, পুনর্বাসনস্থলে শিক্ষা, চিকিৎসা, পানি, বিদ্যুৎ, স্যানিটেশন ও নিরাপত্তার মতো মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং মিটফোর্ড হাসপাতালে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের কর্মসংস্থান ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা।
কর্মসূচিতে বক্তারা বলেন, উন্নয়নের প্রয়োজন থাকলেও মানুষের দীর্ঘদিনের বসতি উচ্ছেদ করে উন্নয়ন হতে পারে না। যেকোনো উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে সংশ্লিষ্ট বাসিন্দাদের পুনর্বাসন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
মানববন্ধনের আয়োজকরা জানান, দলিত নারী ফোরাম ও নাগরিক উদ্যোগের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে হরিজন সম্প্রদায়ের বাসিন্দাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন