প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব আবজাল হোসেনের বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহলের চালানো ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়ানো ওই অপপ্রচারকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তারা।
স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের ভাষ্যমতে, ইউপি সচিব আবজাল হোসেন দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা, সততা ও দক্ষতার সাথে নিজ দায়িত্ব পালন করে আসছেন। ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সহজীকরণ, জন্ম-মৃত্যু নিবন্ধন, বিভিন্ন সনদ প্রদান এবং দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় তার ভূমিকা এলাকাবাসীর কাছে প্রশংসনীয়। তাদের অভিযোগ, একটি কুচক্রী মহল নিজেদের হীনস্বার্থ হাসিল করতে না পেরে এবং পরিষদের নিয়মিত কার্যক্রমে বাধা সৃষ্টি করতেই তার বিরুদ্ধে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় এলাকাবাসী বলেন, “সচিব সাহেব সবসময় সাধারণ মানুষের পাশে থেকে আন্তরিকভাবে সেবা দিয়ে যাচ্ছেন। তার মতো একজন সৎ ও কর্মঠ কর্মকর্তার বিরুদ্ধে এমন মিথ্যা অপপ্রচার অত্যন্ত দুঃখজনক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”
এলাকাবাসী অবিলম্বে এই ধরনের অপপ্রচার বন্ধ করার দাবি জানান এবং দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একইসাথে কোনো ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক সেবা কার্যক্রমে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন