প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের ত্রিশালে ইউটিউবে ফাঁস হওয়া প্রশ্নপত্রের অভিযোগ উঠেছে সমাপনী পরীক্ষার ক্ষেত্রে। পরীক্ষার শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে একটি ইউটিউব চ্যানেলে প্রশ্নপত্র প্রকাশিত হওয়ার পর, সেই প্রশ্নের ভিত্তিতে নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচটি বিষয়ের পরীক্ষা গ্রহণ করেছে। তবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিতব্য অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের কারণে স্থগিত করা হয়েছে।
অভিযোগ রয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর নিজস্ব তৈরি প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও, ত্রিশালের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান সেই নিয়ম মানছে না। বিভিন্ন প্রকাশনা সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে সরবরাহ করা প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটছে। এসব প্রশ্ন পরীক্ষার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে দেখা যাচ্ছে, নির্ধারিত পরীক্ষার তারিখের আগেই প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে। নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ২৬ নভেম্বর নির্ধারিত ছিল। কিন্তু ২৫ নভেম্বরই ইউটিউবে ওই পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া যায়। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট প্রশাসন পরীক্ষাটি স্থগিত করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৯ নভেম্বর গণিত পরীক্ষার মাধ্যমে নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের সমাপনী পরীক্ষা শুরু হয়। এরপর ২২ নভেম্বর ইংরেজি প্রথম পত্র, ২৩ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র এবং ২৪ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, এসব পরীক্ষাও ইউটিউবে ফাঁস হওয়া প্রশ্নপত্রের ভিত্তিতে নেওয়া হয়েছে। এইভাবে পাঁচটি বিষয়ের পরীক্ষা নেওয়ার পর বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, বৃহস্পতিবার তাদের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা দিতে এসে তারা জানতে পারে, পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে জানানো হয়, পরবর্তী সময়ে এ পরীক্ষা নেওয়া হবে।
অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে প্রাইভেট পড়ানো কয়েকজন অসাধু শিক্ষক এই ঘটনায় জড়িত থাকতে পারেন। তাদের দাবি, আগের ফাঁস হওয়া প্রশ্নপত্র দিয়ে পাঁচটি বিষয়ের পরীক্ষা নেওয়ার ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের উদাসীনতা রয়েছে। এতে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
এ বিষয়ে নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, পরীক্ষার প্রশ্নপত্র একটি ইউটিউব চ্যানেলের প্রশ্নের সঙ্গে মিলে গেছে—এমন তথ্য শোনার পরই আমরা পরীক্ষা স্থগিত করেছি। পরবর্তী সময়ে নতুন প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেওয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, ইউটিউবে প্রকাশিত প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্র মিলে যাওয়ার বিষয়টি কীভাবে ঘটেছে, তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, এ ঘটনা কোমলমতি শিক্ষার্থীদের জন্য এক ধরনের মানসিক আঘাত। প্রশ্নপত্র ইউটিউবে কেন আসবে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হবে। তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হবে। কোনো সরকারি কর্মকর্তা বা শিক্ষক জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন