প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রেমের ফাঁদ ‘অনলাইন’। প্রেমের জন্য আকৃষ্ট হতে চান বা না চান— মায়ার বাঁধনে জড়িয়ে প্রতারণার ফাঁদে পড়ার সম্ভাবনা রয়েছে সকলের। যতই বুদ্ধিমান হোন না কেন— কোথায় ওঁৎ পাতা রয়েছে তা বোঝা কঠিন। এই অনলাইনের প্রেমের বিষয়টি নিয়ে সতর্ক করেছেন অস্ট্রেলিয়া নিবাসী সাইবার নিরাপত্তা কর্মী আরন বুগাল।
প্রেমের আবেগের সঙ্গে টাকা চাওয়ার কৌশল এখন অতীত। বরং সরাসরি প্রেমের প্রস্তাব না দিয়ে, মনের ক্ষতে প্রলেপ দিয়ে বিশ্বাস অর্জন করেই চলছে প্রতারণার কৌশল। ব্যক্তিগত তথ্য চুরি হচ্ছে। কখনো কখনো এমন বিপদের টোপ ফেলা হচ্ছে, সত্যি-মিথ্যা না বুঝে, আবার কখনো সরাসরি ‘না’ করতে পারার কারণে আর্থিক প্রতারণার শিকার হচ্ছেন অনেকে।
প্রেমের ধরন এবং সংজ্ঞা এখন সম্পূর্ণ ভিন্ন। সঙ্গীর খোঁজ এখন হয়ে থাকে ডেটিং অ্যাপে। কখনো সামাজিক মাধ্যমের মাধ্যমে মন-শরীরের সংযোগ ঘটে। সব কিছুই যে ভুয়া, প্রেম যে হয় না, তা কিন্তু নয়। তবে সামান্য অসাবধানতা ঘটলে বড় বিপদ ঘটতে পারে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইবার নিরাপত্তা কর্মী আরন বুগাল জানিয়েছেন, "প্রতারকদের লক্ষ্যই থাকে অন্যদিকের মানুষটিকে প্রেমের জালে ফাঁসিয়ে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া এবং আর্থিক প্রতারণা"।
কিন্তু কোনটি প্রেম এবং কোনটি ফাঁদ— কীভাবে বুঝবেন? সরাসরি টাকা চাওয়ার পরিবর্তে প্রতারকরা অন্য পন্থায় চলে। প্রথম শর্ত হলো— কারও একাকিত্বের দিনগুলোতে ভরসার হাত বাড়িয়ে দেওয়া। প্রথমে যত্ন, পাশে থাকার প্রতিশ্রুতি। বিশ্বাস অর্জনের পরেই তারা আসল কাজটি সম্পন্ন করে।
মন খারাপ বা সম্পর্কের ভাঙনের মুখে দাঁড়িয়ে কি সামাজিক মাধ্যমকেই ভরসাযোগ্য মনে হয়? যেসব রিল বা ভিডিওর কথায় মনের মিল পান, সেগুলো কি শেয়ার করেন? কোথায় ঘুরছেন, জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তির কাহিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেন? সাইবার অপরাধীরা নিঃশব্দে সেসব লক্ষ করে ‘টার্গেট’ খুঁজে নেয়। অজান্তেই ফাঁদে পড়ে যেতে পারেন।
সাইবার নিরাপত্তা কর্মী আরন বুগাল বলেন, "ব্যক্তিগত তথ্য, জীবনের প্রতিটি মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করলে বিপদ হতে পারে। প্রতারকরা তাদেরই বেছে নেন, যারা একাকিত্বে ভুগছেন, বিবাহবিচ্ছিন্ন বা জীবনে প্রেম খুঁজতে চাইছেন। শুধু আবেগপ্রবণ মানুষ নয়, প্রতারকরা চড়া সুদে বিনিয়োগ বা ক্রিপ্টোক্যারেন্সির লোভ দেখিয়ে অনেক সময় অভিজ্ঞ, চালাক-চতুর লোকজনকেও বোকা বানিয়ে দেয়।"
আর প্রতারকরা অনেক সময় ভুয়া ছবি ও পরিচয়ের ভেক ধরেও সম্পর্কে জড়ায়। দেখা করার কথা বললেই শুরু হয় অজুহাত।
চলুন জেনে নেওয়া যাক, যা দেখলে বুঝবেন লাল সংকেত—
প্রোফাইলের ছবি: প্রোফাইলের ছবিটি অতিমাত্রায় নিখুঁত, মডেলদের মতো হলে সতর্ক হওয়া অত্যন্ত জরুরি। কারণ ‘গুগল রিভার্স ইমেজ সার্চ’-এ গিয়ে দেখুন, অন্য কারও মুখের সঙ্গে মিল আছে কিনা।
পরিচয়ে অসঙ্গতি: প্রোফাইলে পুরোনো কোনো ইতিহাস বা সাধারণ পোস্ট থাকে না। কথা বলার সময় তাদের তথ্য বা কাজের বিবরণ বার বার বদলে যায়। কথাগুলো শুনতে সাজানো-গোছানো মনে হলেও বাস্তবে তথ্য যাচাই করার মতো প্রমাণ পাওয়া যায় না।
ভালোবাসার নাটকের পর কৌশলে টাকা চাওয়া: সম্পর্কের একটি পর্যায়ে এসে তারা প্রয়োজনের কথা বলে- চিকিৎসার খরচ, আইনি সমস্যা বা যে কোনো জরুরি পরিস্থিতির কথা বলে টাকা দেওয়ার অনুরোধ করে, যা সচরাচর অন্য মানুষটির পক্ষে এড়ানো সম্ভব হয় না।
টাকা চাওয়ার পন্থা: টাকা দেওয়ার জন্য তারা গিফট কার্ড, ক্রিপ্টোকারেন্সি, ওয়্যার ট্রান্সফারের মতো আন্তর্জাতিক মাধ্যম ব্যবহারের অনুরোধ করতে পারে।
দেখা করতে না চাওয়া: দেখা করার কথা বললে নানা রকম অজুহাত দেয় তারা? কখনো বাড়ির সমস্যা, আবার কখনো নেটওয়ার্কের সমস্যা বলে ভিডিওকল এড়ায়। শেষ মুহূর্তে কাজ পড়েছে বলে এরা সাক্ষাৎ এড়ানোর চেষ্টা করে।
উপহারের জন্য মাসুল: কোনো দামি উপহার, গহনা পাঠিয়েছে জানিয়ে কুরিয়ার ফি, কাস্টমস চার্জ বা রিলিজ ফি বাবদ টাকা পাঠানোর কথা বলতে পারে। এভাবে কিছু টাকা হাতিয়ে নিতে পারে তারা।
মানসিক চাপ: কোনো বিষয় নিয়ে প্রশ্ন করলে বা পরিবারের সন্দেহকে গুরুত্ব দিতে অগ্রাহ্য করতে বলে বা বিশ্বাস করছো না বলে পালটা দোষী সাব্যস্ত করার চেষ্টা করে, তাহলে সতর্ক হওয়া দরকার। এটি অন্যজনকে মানসিকভাবে কাবু করার চেষ্টা হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন