প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আন্তর্জাতিক একটি সংস্থা তাদের একটি রিপোর্টে উল্লেখ করেছে যে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির ওপর অতিরিক্ত নির্ভরতা বাংলাদেশের জন্য একটি তীব্র জ্বালানি ও অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে। এর ফলে বিদ্যুৎ বিভ্রাট, লাগামহীন মূল্যস্ফীতি এবং বস্ত্র ও পোশাক খাতের কার্যক্রমে বিঘ্ন ঘটছে।
গবেষণার উদ্ধৃতি দিয়ে সংস্থাটি দাবি করেছে যে, মহেশখালী মাতারবাড়ীতে এলএনজি ও কয়লাভিত্তিক জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো তাদের পুরো পরিচালনাকালজুড়ে ১ বিলিয়ন টনের বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমন করবে, যা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাড়াবে।
শনিবার (২৮ নভেম্বর) কক্সবাজারে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এই রিপোর্টে বলা হয়েছে, এলএনজি আমদানির ওপর নির্ভরতা দেশকে গভীর অসহনীয় ঋণের জালে আবদ্ধ করছে, উপকূলীয় জনগণের বাস্তুচ্যুতি ঘটাচ্ছে এবং বিপুল পরিমাণ গ্রিনহাউস গ্যাসের ঝুঁকি তৈরি করছে।
মার্কেট ফোর্সেসের এশিয়া এনার্জি ট্রান্সজিশন ডিরেক্টর মুনিরা চৌধুরী বিবিসি বাংলাকে জানান, ‘এলএনজি বিদ্যুৎকেন্দ্রগুলো দেশের জন্য একটি বড় বোঝা হবে। আবার এলএনজি আমদানিতেও বড় খরচ হবে। ২০২৭ সালের খরচ হিসেবে ধরলে বছরে অন্তত ২৫ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে বাংলাদেশের। জাপান যেহেতু বিনিয়োগ করবে, তাহলে তারা নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক ট্রান্সমিশন সিস্টেমে বিনিয়োগ করছে না কেন?’
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের মানুষের প্রয়োজন সাশ্রয়ী নবায়নযোগ্য জ্বালানি ও নির্মল বায়ু এবং এজন্য নবায়নযোগ্য জ্বালানীতেই বেশি গুরুত্ব দেওয়া উচিত।
অর্থনীতি ও টেকসই জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব ক্রমশ বাড়ানোর বিকল্প নেই, তবে সেটি করতে হবে ধাপে ধাপে। তাদের মতে, নবায়নযোগ্য জ্বালানি কতদিনে প্রাধান্য পাবে এবং কোন ধরনের জ্বালানি সেক্ষেত্রে গুরুত্ব পাবে, তার একটি সুনির্দিষ্ট রোডম্যাপ বাংলাদেশ তৈরি করতে পারে।
বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সম্প্রতি ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’-এ অংশ নিয়ে জানিয়েছেন যে সরকার ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
মার্কেট ফোর্সেস, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর তৈরি করা ওই প্রতিবেদনে বলা হয়েছে, এলএনজি আমদানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের বছরে সর্বোচ্চ ২৫ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে।
‘এলএনজি নিয়ে শেষ মরিয়া চেষ্টা : বাংলাদেশের জন্য মিডি মাস্টারপ্ল্যান’ শীর্ষক এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ (মিডি) এবং এর আওতায় জীবাশ্ম জ্বালানি উন্নয়নে ২০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে।
রিপোর্টে বলা হয়েছে, ‘জ্বালানি কোম্পানিগুলোর এটি একটি শেষ মরিয়া চেষ্টা, যার লক্ষ্য বাংলাদেশকে ব্যয়বহুল ও অনির্ভরযোগ্য এলএনজির ওপর নির্ভরশীল করে রাখা। ক্রমবর্ধমান বিদ্যুৎ বিল ও লোডশেডিংয়ের বোঝায় বাংলাদেশের উৎপাদন খাত এবং ভোক্তারা ইতিমধ্যে ভুগছেন। ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল আমদানীকৃত এলএনজির ওপর নির্ভরশীল হলে এই সংকট আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।’
মুনিরা চৌধুরীর মতে, ‘নতুন ও ব্যয়বহুল জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা বাংলাদেশের জন্য দ্বিমুখী বিপদ তৈরি করছে। একদিকে বিষাক্ত দূষণে হাজারো মানুষের মৃত্যু হচ্ছে। অন্যদিকে, আমদানীকৃত গ্যাসের আকাশচুম্বী ব্যয় উৎপাদন খাতকে বিপর্যস্ত করছে, জীবিকা কেড়ে নিচ্ছে এবং উৎপাদন ব্যাহত হওয়ায় শত শত মিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে।’
বিবিসি বাংলার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এলএনজি বা কয়লার মতো পুরনো ধাঁচের জ্বালানি অবকাঠামোতে অর্থায়ন না করে আন্তর্জাতিক অর্থায়নকারীদের উচিত ২০৩০ সালের জন্য বাংলাদেশ যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে তা অর্জনে সহায়তা করা।
মার্কেট ফোর্সেসের হিসেব অনুযায়ী, মিডি-তে প্রস্তাবিত গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলোর ব্যয় আনুমানিক ১৯ বিলিয়ন মার্কিন ডলার। এ ছাড়া স্থলভিত্তিক এলএনজি আমদানি টার্মিনাল নির্মাণে ব্যয় হবে আনুমানিক ১ বিলিয়ন মার্কিন ডলার।
আবার ২০৩০-এর দশকের পরবর্তী সময়েও দীর্ঘমেয়াদি আমদানি পরিকল্পনার ক্ষেত্রে ২০২৭ সালের পূর্বাভাস অনুযায়ী গড় দাম অব্যাহত থাকলে, এলএনজি আমদানিতে বছরে সর্বোচ্চ প্রায় ২৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে, যা অর্থনীতির ওপর আরো বিধ্বংসী প্রভাব ফেলতে পারে। অন্যদিকে, দাম কমে গেলে এই ব্যয় বছরে ৭ বিলিয়ন মার্কিন ডলারে নেমে আসতে পারে।
মার্কেট ফোর্সেসের পূর্বাভাস অনুযায়ী, মিডিতে এলএনজি ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো তাদের কার্যকালজুড়ে ১ বিলিয়ন টনেরও বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমন করবে। এই নির্গমনের পরিমাণ বাংলাদেশের বর্তমান জীবাশ্ম জ্বালানিজনিত নির্গমনের ১০ গুণেরও বেশি।
অন্যদিকে, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা বা জাইকার তৈরি করা মিডি মাস্টারপ্ল্যান অনুযায়ী, চট্টগ্রাম অঞ্চলে নতুন করে ১৩ গিগাওয়াট (১ হাজার মেগাওয়াটে ১ গিগাওয়াট) এলএনজিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা স্থাপনের প্রস্তাব করা হয়েছে।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সময় ২০ হাজারেরও বেশি লবণচাষি, মৎস্যজীবী ও অন্যান্য স্থানীয় উৎপাদক তাঁদের জীবিকা হারিয়েছেন।
মুনিরা চৌধুরী বলেছেন, ‘এলএনজি ও কয়লা দিয়ে মাতারবাড়ীতে যে পরিকল্পনা করা হয়েছে সেটিতে লোকাল ইকনমি ধ্বংস হবে। সামাজিক সংকট ও জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয় তৈরি হবে।’
এলএনজি-কয়লা কী এখনই বাদ দিতে হবে
বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নিজেও স্বীকার করেছেন যে জীবাশ্ম জ্বালানির ওপর অত্যধিক নির্ভরতার কারণে বিশ্ববাজারে অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব বাংলাদেশের ওপর পড়েছে। সে কারণে মোট বিদ্যুতের ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে একটি বিশেষ আইন প্রণয়ন করার কাজ চলছে।
গত ২৭শে অক্টোবর বুয়েটে ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট’ এ তিনি জানান, ‘আমরা স্পেশাল রিনিউয়েবল এনার্জি ল তৈরি করছি, যা ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে গৃহীত সিদ্ধান্ত ও কার্যক্রমকে আরও সহজ করবে।’
এদিকে এ খাতে বিনিয়োগ উৎসাহিত করতে নীতিগত প্রণোদনাও চালু করেছে সরকার, যার মধ্যে আছে ২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতের জন্য শূন্য শতাংশ করহার এবং সৌরবিদ্যুৎ উপকরণ আমদানিতে শুল্ক অব্যাহতি।
মার্কেট ফোর্সেস বলছে, বাংলাদেশের সর্বোচ্চ ২৪০ গিগাওয়াট সৌরবিদ্যুৎ এবং ৩০ গিগাওয়াট স্থলভিত্তিক বায়ুবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আছে।
বিশ্লেষকরা বলছেন, নবায়নযোগ্য জ্বালানির দিকেই এগুতে হবে এবং এ নিয়ে বৈশ্বিক ঐকমত্যও আছে। তবে বাংলাদেশের বাস্তবতায় ধাপে ধাপে নবায়নযোগ্য জ্বালানিকে প্রাধান্য দেওয়ার দিকে যেতে হবে।
টেকসই জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েটের সাবেক অধ্যাপক ড. ইজাজ হোসেন বলেন, ‘বাস্তবতা দেখতে হবে। সরকার ২০৩০ সালকে টার্গেট করে যে উদ্যোগ নিয়েছে সেটাই অনেকটা অতিবিলাসী হলেও সেটি অর্জন করা সম্ভব। বড় চ্যালেঞ্জ হলো এই যে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানির জন্য গ্রিড লাইন প্রস্তুত করাও একটি বড় চ্যালেঞ্জ হবে।’
তিনি বলেন, ‘এটুকু যদি শেষ পর্যন্ত করা যায় তাহলে মোট বিদ্যুতের ২০ শতাংশ হবে নবায়নযোগ্য থেকে। এরপর ধীরে ধীরে অগ্রসর হতে হবে। এখনই এলএনজি ও কয়লা থেকে বেরিয়ে আসার সুযোগ নেই।’
অন্যদিকে সিপিডির নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ বলছেন, নবায়নযোগ্য জ্বালানির জন্য বাংলাদেশের এখন একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করা দরকার।
তিনি বিবিসি বাংলাকে জানান, ‘সরকার কিছু চেষ্টাও করছে। তারপরেও একটি রোডম্যাপ দরকার যাতে ধাপে ধাপে আমরা নবায়নযোগ্য জ্বালানিকে প্রাধান্য দেওয়ার দিকে এগিয়ে যেতে পারি। কত দিনের মধ্যে এটা করা যাবে সেটা নির্দিষ্ট করা জরুরি। কিন্তু একটি বন্ধ করে আরেকটি করা যাবে না। এখনই পুরোপুরি নবায়নযোগ্য জ্বালানির দিকে যাওয়ার অবস্থায় বাংলাদেশ নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন