০৫:২৭ পি.এম
রাজধানীর রমনা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকীর দুই সহযোগীকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (৫ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। আসামিরা হলেন— মহিদুল ইসলাম (৪২) ও চান মিয়া (৪৬)।
রমনা থানার উপ-পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার আসামিদেরকে আদালতে হাজির করে উভয়ের সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: আন্দোলনের নামে চাপের মধ্যে ছিল অন্তর্বর্তী সরকার
একই মামলায় গত ১ মে থেকে তারা চার দিনের রিমান্ডে ছিলেন। এর আগে নিউমার্কেট থানার হত্যা মামলায় দুজনকে মোট ১২ দিন রিমান্ডে পাঠান আদালত। প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরে শুনানি করেন। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা তারিক সিদ্দিকের ঘনিষ্ঠজন হওয়ার সুবাদে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডকে গতিশীল করা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তাদের ভূমিকা এবং অস্ত্র ও অর্থ সরবরাহের নেপথ্যে থাকা তথ্যাদি উদঘাটনের জন্য এই রিমান্ড জরুরি।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১২ মে বিকেলে রাজধানীর বাংলামোটর রূপায়ন টাওয়ারের সামনের রাস্তায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে একদল লোক সরকারবিরোধী বিভিন্ন মিছিল দিতে থাকেন। এ সময় পুলিশ মিছিলে অভিযান চালিয়ে মাদারীপুরের ইলিয়াস আহমদে চৌধুরী কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি আবির হোসেনসহ সাত জনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় রমনা মডেল থানার এসআই আওলাদ হোসেন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪০-৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে এই মামলাটি দায়ের করেন। ওই ঘটনায় তদন্তে পাওয়া আসামি হিসেবে তারিক সিদ্দিকীর দুই সহযোগীকে রিমান্ডে নেওয়া হলো।
আরও পড়ুন: আ. লীগ ফিরলে প্রথমে তারেক রহমানকে হত্যা করবে, দাবি নাসিরুদ্দীন পাটওয়ারীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
.jpg)