প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইংলিশ ফুটবলের নবম সারির লিগে গোলপোস্ট সামলানো গোলরক্ষকের জীবন একটি অবিশ্বাস্য রাজকীয় মোড়ের মাধ্যমে বদলে গেছে! দক্ষিণ-পূর্ব লন্ডনের অপেশাদার ফুটবল ক্লাব ‘এসই ডনস’-এর অধিনায়ক ও গোলকিপার জর্জ ডেসমন্ড কামুরাসি এবার উগান্ডার ঐতিহ্যবাহী ‘তোরো’ রাজ্যের নতুন রাজা হিসেবে মনোনীত হয়েছেন।
ক্যান্সারের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে লড়াই শেষে তোরো রাজতন্ত্রের তৎকালীন রাজা চতুর্থ ওইয়ো নিম্বার (৩৪) অকালপ্রয়াণের পর এই নাটকীয় ঘটনা ঘটেছে।
নিঃসন্তান রাজার মৃত্যুর পর রাজপরিবারের উপদেষ্টা কমিটি ৩৬ বছর বয়সী এই ব্রিটিশ নাগরিক ফুটবলারকে তাদের সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত করেছে।
৩৬ বছর বয়সী এই আফ্রো-ব্রিটিশ গোলকিপার সতীর্থ ও সমর্থকদের কাছে ‘বিগ জি’ নামে পরিচিত। সাউথ লন্ডনভিত্তিক ক্লাবটির সাজঘরে দলের উদ্দেশ্যে দেওয়া তার আগুনঝরা ও কড়া বক্তব্যের বেশ কিছু ভিডিও ক্লিপ ইতিপূর্বে নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছিল।লন্ডনে স্ত্রী ও সন্তানকে নিয়ে বসবাস করা কামুরাসির রাজকীয় পদবি গ্রহণের ব্যাপারে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে।
জানা গেছে, রাজকীয় দায়িত্বের খাতিরে রাজপ্রাসাদে বসবাস করতে রাজকীয় সিংহাসনের এই দাবিদার বেশ ইতস্তত বোধ করছেন।
এদিকে, উগান্ডার সাধারণ মানুষের একাংশ তার কঠোর ও নীতিবান ভাবমূর্তির কারণে তাঁকে নতুন রাজা হিসেবে স্বাগত জানালেও অন্য একটি অংশ প্রশ্ন তুলেছে যে, ব্রিটেনে বেড়ে ওঠা একজনকে কিভাবে নিজেদের সংস্কৃতির কাণ্ডারি হিসেবে মেনে নেওয়া হবে।
উল্লেখ্য, ১৯৯৫ সালে মাত্র তিন বছর বয়সে সিংহাসনে বসা সাবেক রাজা ওইয়ো নিম্বার অন্ত্যেষ্টিক্রিয়া চলতি সপ্তাহান্তেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাদের রাজপরিবারের ইতিহাসও বেশ সমৃদ্ধ; কামুরাসির দাদু রাজা তৃতীয় জর্জ রুকিডি ১৯৫৪ সালে উগান্ডা সফরকালে সাবেক ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথকে রাজকীয় সংবর্ধনা দিয়েছিলেন।
তবে এই রাজকীয় নাটকের শেষ অঙ্কে তৈরি হয়েছে দারুণ এক মোড়! চলতি সপ্তাহে সাবেক রাজার শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে উগান্ডা নাও যেতে পারেন এই হবু রাজা। কারণ? একই দিনে যে মাঠে রয়েছে তার ক্লাব ‘এসই ডনস’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ এক কাপ ফাইনাল ম্যাচ!
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন