প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মালয়েশিয়া সরকার ইসলামি বক্তা ও ধর্মপ্রচারক ডা. জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল জানিয়েছেন, তাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি।
নিউ স্ট্রেইটস টাইমসের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১০ সালে ভারত ও মালয়েশিয়ার মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ এবং ১৯৯২ সালের প্রত্যর্পণ আইনের বিধানকে বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও জানিয়েছেন, জাকির নায়েককে ভারতে পাঠানোর জন্য নতুন কোনো আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন তার সরকার পায়নি। সংসদে দেওয়া লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত হলো, জাকির নায়েককে প্রত্যর্পণ করা হবে না। ফলে তাকে ভারতের কাছে হস্তান্তরের জন্য কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি।
পার্লামেন্ট সদস্য দাতুক ড. আহমাদ মারজুক শারির এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য প্রকাশ করেন। তিনি জানতে চান, জাকির নায়েককে ফেরত চেয়ে ভারতের সর্বশেষ আনুষ্ঠানিক আবেদন কবে এসেছে এবং ভারত কর্তৃক দেওয়া তথ্য-প্রমাণ মালয়েশিয়ার প্রচলিত আইন ও দুই দেশের চুক্তির শর্ত পূরণ করে কি না।
প্রতিবেদন অনুযায়ী, ভারত সরকার ২০১৮ সালের ১৯ জানুয়ারি প্রথম আনুষ্ঠানিকভাবে জাকির নায়েককে প্রত্যর্পণের অনুরোধ জানায়। পরে ২০২০ সালের ২৯ মে কূটনৈতিক নোট পাঠিয়ে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায় নয়াদিল্লি।
গত সেপ্টেম্বরে বিষয়টি নিয়ে মালয়েশিয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বৈঠকে জাকির নায়েকের প্রত্যর্পণ প্রসঙ্গ আলোচনায় আসে। এ নিয়ে বিরোধী দলের নেতারা ব্যাখ্যা দাবি করেন।
মালয়েশিয়ার বিরোধী দল পাসের মহাসচিব দাতুক সেরি তাকিউদ্দিন হাসান দুই প্রধানমন্ত্রীর বৈঠকে আলোচনা ও কোনো সমঝোতা হয়েছে কি না, তা প্রকাশ করার আহ্বান জানান। তিনি ভারতের দেওয়া তথ্য-প্রমাণ মালয়েশিয়ার প্রত্যর্পণ আইনের শর্ত পূরণ করে কি না, সেটিও স্পষ্ট করার দাবি তোলেন।
অর্থপাচার ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে ভারত সরকার জাকির নায়েককে দেশে ফিরিয়ে নিতে চায়। তবে এসব অভিযোগের বিষয়ে ভারতের অবস্থান এবং মালয়েশিয়ার আইনি প্রক্রিয়ার মধ্যে পার্থক্য রয়েছে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আবারও স্পষ্ট হয়েছে, জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন