প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
১১ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশের আটটি বিভাগে লালন বিশ্বসংঘের আয়োজনে কবীর-লালন ভাবসংগীত উৎসব চলছে, যা উত্তরবঙ্গে ব্যাপক সাড়া ফেলেছে বিপুল মানুষের অংশগ্রহণের মাধ্যমে। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী বিভাগে এই উৎসবের পঞ্চম আয়োজন লালন শাহ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সুফি গবেষক ও উচ্চাঙ্গ বংশীবাদক ড. শাহ্ সৈয়দ হাসিব উল হাসান রাজা মন্তব্য করেন, কবীর-লালনের ভাবসংগীত আজও এই উপ-মহাদেশের সাধারণ মানুষকে গভীরভাবে আকৃষ্ট করে। তিনি বলেন, এর মূল ভিত্তি হলো বিশ্বজনীন অহিংস মানবতাবাদপুষ্ট মুক্তমানবধর্ম। যুদ্ধ, হিংসা এবং নৃশংসতার মাধ্যমে কিছু সময়ের জন্য রাজ্যজয় সম্ভব, কিন্তু মানুষের মন স্থায়ীভাবে জয় করা কখনোই সম্ভব নয়।
তিনি আরও বলেন, হিংসাত্মক উগ্রবাদের সমর্থকরা মানবজাতিকে বিনাশের সুযোগের অপেক্ষায় রয়েছে। সুরের মহাশক্তি দিয়ে বিশ্বকে অসুরমুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কবীর ও লালন দুজনেই প্রেমের নিষ্ঠা দিয়ে বিশ্ববাসীর আত্মিক মুক্তির জন্য সংগ্রাম করেছেন। তাদের কালজয়ী সত্যবাণীকে সুবিধাবাদীরা আজ নানা কৌশলে মিথ্যার আড়ালে রাখতে চাইছে। ইতিহাস অবশ্যই তাদের চিরতরে বর্জ্যস্তুপে নিক্ষেপ করবে। আমরা সেই সুসময়ের অপেক্ষায় রয়েছি।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত রাজশাহী বিভাগীয় এই উৎসবের উদ্বোধন করেন সুফি গবেষক ও উচ্চাঙ্গ বংশীবাদক ড. শাহ্ সৈয়দ হাসিব উল হাসান রাজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, রাজশাহীর সঙ্গে ফকির লালনের সম্পর্ক বহু শতকের পুরানো। এই রাজশাহীর খেতুরির বৈষ্ণব সাধুসঙ্গে এসে তিনি আরেকটি গভীর রহস্য সৃষ্টি করেছিলেন। এজন্য রাজশাহী সিটি করপোরেশন লালনস্মৃতিকে জাগরুক রাখতে পদ্মার পারে লালন শাহ মুক্তমঞ্চ প্রতিষ্ঠা করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাহারুল ইসলাম। সভাপতিত্ব করেন লালন বিশ্বসংঘের প্রধান নির্বাহী ও কবীর-লালন গবেষক আবদেল মাননান।
দ্বিতীয় পর্বে উৎসবের মূল আয়োজন ‘কবীর থেকে লালন : চিরন্তন প্রেমের এক অক্ষয় সেতুবন্ধন’ শীর্ষক সংগীতালেখ্যে কবীর ও লালনের কুড়িটি কালাম পরিবেশন করেন কবীর-লালন মিউজিক্যাল মিশনের শিল্পীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন