প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তিনবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের সাথে নতুন দায়িত্বে যুক্ত হয়েছেন। তিনি তাদের হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উপদেষ্টা হিসেবে নিয়োগ লাভ করেছেন।
উপদেষ্টা হিসেবে আমিনুল কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করবেন। বিশেষভাবে, তিনি খেলোয়াড়দের বিকাশ, কোচিং পদ্ধতি এবং তরুণ ক্রিকেটারদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরির ক্ষেত্রে কাজ করবেন।
লাহোর কালান্দার্স এই নিয়োগের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসন ও উন্নয়ন কার্যক্রমে আমিনুলের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করছে। বিশেষ করে, তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটার তৈরি এবং খেলোয়াড় উন্নয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
আমিনুলের আন্তর্জাতিক ক্রিকেট ও ক্রিকেট প্রশাসনে সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ক্রিকেট উন্নয়ন ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে, তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট উন্নয়ন কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্বও পালন করেছেন আমিনুল। খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৯৯ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্বও দেন তিনি।
পিএসএলে লাহোর কালান্দার্সের পথচলা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে উল্লেখযোগ্য পরিবর্তনের গল্প হিসেবে বিবেচিত হয়। ২০১৬ সালে টুর্নামেন্টে অভিষেক ঘটে লাহোরের। তবে প্রথম চার মৌসুমে দলটি প্লে-অফে উঠতে পারেনি এবং কয়েকবার পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান করে।
২০২০ সালে অধিনায়ক সোহেল আখতারের নেতৃত্বে প্রথমবারের মতো পিএসএলের ফাইনালে উঠে লাহোর। যদিও তারা শেষ পর্যন্ত করাচি কিংসের কাছে পরাজিত হয়। ২০২১ সালে আরেকটি হতাশাজনক মৌসুমের পর ২০২২ আসরের আগে শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক করার সিদ্ধান্ত তাদের ভাগ্য পরিবর্তন করে।
শাহিনের নেতৃত্বে ২০২২ সালে লাহোর প্রথমবারের মতো পিএসএল শিরোপা জেতে। তারা ফাইনালে মুলতান সুলতানসকে ৪২ রানে পরাজিত করে। পরের বছর একই প্রতিপক্ষকে এক রানে হারিয়ে শিরোপা ধরে রাখে। এর ফলে, লাহোর পিএসএলের প্রথম দল হিসেবে টানা দুই আসরে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে।
তবে ২০২৪ সালে শিরোপা ধরে রাখার অভিযানে বড় ধাক্কা খায় তারা। পুরো আসরে মাত্র একটি জয় পায় দলটি। ২০২৫ সালে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ছয় উইকেটে পরাজিত করে তৃতীয়বারের মতো পিএসএল শিরোপা জেতে।
তবে ২০২৬ সালে আবারও ছন্দপতন ঘটে দলটির। বর্তমান চ্যাম্পিয়ন হয়েও পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে থেকে প্লে-অফে উঠতে ব্যর্থ হয় লাহোর কালান্দার্স।
সূত্র: বাসস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন