প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছে ভারত। বৃহস্পতিবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম তার পোস্টে দাবি করেন, "পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী বাংলাদেশ দখলের হুমকি দিয়ে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত করেছেন। লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত প্রিয় মাতৃভূমিকে নিয়ে এমন মন্তব্য এদেশের আঠারো কোটি মানুষের আত্মমর্যাদার প্রতি চরম ধৃষ্টতার শামিল।"
তিনি বলেন, "আমরা তার এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তাকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানাচ্ছি। পাশাপাশি, অর্জুন সিংকে অনতিবিলম্বে এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।"
নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, "দায়িত্বশীল পদে থেকে এমন অবমাননাকর বক্তব্য প্রদানের ৪৮ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও ভারত সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দিল্লির এই নীরবতা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ভারত সরকারের শ্রদ্ধাবোধ নিয়ে আমাদের সন্দেহ আরও জোরালো করেছে।"
অন্যদিকে, তিনি জানান, "অর্জুন সিংয়ের এমন উদ্ভট ও সার্বভৌমত্ববিরোধী বক্তব্যের পরও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কূটনৈতিক উদ্যোগ পরিলক্ষিত হয়নি। সরকারের এই নির্লিপ্ততা আমাদের স্বাধীন, মর্যাদাপূর্ণ ও শক্তিশালী পররাষ্ট্রনীতির জন্য অত্যন্ত লজ্জার।"
নাহিদ ইসলাম বলেন, "এদেশের মানুষের অদম্য সাহস ও লড়াইয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস অর্জুন সিংদের অজানা। বিগত ফ্যাসিবাদী শাসনামলে পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে ভারত যে একতরফা সুবিধা ভোগ করেছে, সেই দিন আর কখনোই ফিরে আসবে না। ন্যায্য অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের আঠারো কোটি মানুষ আজ ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।"
তিনি শেষ করেন, "ভারতের মনে রাখা উচিত, ভারতের সার্বভৌমত্ব ও অখন্ডতাও বাংলাদেশের উপর অনেকাংশে নির্ভরশীল। বাংলাদেশের সার্বভৌমত্বকে খাটো করে, প্রক্সি শক্তির মাধ্যমে এদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা খোদ ভারতের অখণ্ডতাকেই বিপন্ন করতে পারে। এদেশের জনগণ ভারত রাষ্ট্রের বাংলাদেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে সদা জাগ্রত ও প্রস্তুত।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন