প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে মনানী চাকমা (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার বাবুছড়া ইউনিয়নের নিত্যবান এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির আশপাশে খেলাধুলার সময় হঠাৎ একটি বিষাক্ত সাপ শিশুটিকে দংশন করে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, সাপের বিষ শরীরে দ্রুত ছড়িয়ে পড়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।
নিহত মনানী চাকমা নিত্যবান এলাকার বাসিন্দা শান্তিময় চাকমার মেয়ে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে আসে।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুম শুরু হওয়ার পর পাহাড়ি এলাকায় সাপের উপদ্রব বেড়ে যায়। বিশেষ করে ঝোপঝাড়, বসতবাড়ির আশপাশ ও চাষের জমিতে বিষধর সাপের বিচরণ বৃদ্ধি পাওয়ায় শিশু ও বয়স্কদের জন্য ঝুঁকি বাড়ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সচেতন মহল বর্ষাকালে শিশুদের প্রতি বিশেষ নজরদারি, বসতবাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং সাপের দংশনের ঘটনায় দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন