প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীতে ঢাকামুখী একটি বাসে অভিযান পরিচালনা করে এসআরবি-৫ দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক সন্দেহভাজন যাত্রী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সোমবার রাতে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে এই অভিযানটি পরিচালনা করা হয়। মঙ্গলবার সকালে এসআরবি-৫ রাজশাহীর মিডিয়া সেল থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে অস্ত্র পাচার করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে, এসআরবির দলটি নগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস এলাকায় চেকপোস্ট স্থাপন করে।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাসের লাগেজ বা মালামাল রাখার বাক্স থেকে একটি ফলের কার্টন উদ্ধার করা হয়। কার্টনের ভেতরে কাপড় দিয়ে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি ও দুটি ম্যাগাজিন পাওয়া যায়।
বাসের যাত্রীদের বরাত দিয়ে এসআরবি জানায়, চেকপোস্টের বিষয়টি টের পেয়ে বাস চেকপোস্ট স্থলে পৌঁছানোর আগেই সন্দেহভাজন এক যাত্রী পালিয়ে যায়। বাসের সুপারভাইজার জিজ্ঞাসাবাদে জানান, ওই যাত্রী চাঁপাইনবাবগঞ্জ থেকে বাসে উঠেছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
পলাতক ওই যাত্রীর নাম-ঠিকানা ও পরিচয় শনাক্তে এসআরবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি মূলে হস্তান্তর করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন