প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্পেনে আগাম জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটাররা সাধারণ নির্বাচনে অংশ নিচ্ছেন, যা আবাসনসংকট ও অভিবাসন নীতির কারণে তীব্র রাজনৈতিক বিতর্কের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে।
এই নির্বাচনের মাধ্যমে প্রায় পাঁচ দশক পর দেশটির জাতীয় সরকারে কট্টর ডানপন্থীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হতে পারে। ১৯৭৫ সালে স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর শাসনের অবসানের পর দক্ষিণ-পশ্চিম ইউরোপের এই দেশে এমন পরিস্থিতি আর দেখা যায়নি।
স্থানীয় সময় রবিবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এটি চলবে রাত ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় দুপুর ১টা)। সরকার গঠনের জন্য দেশটির ৩৫০ আসনের পার্লামেন্টে ১৭৬টি আসন প্রয়োজন। এই নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক জোট সরকার ক্ষমতায় থাকবে, নাকি রক্ষণশীল ও সম্ভাব্য উগ্র ডানপন্থীদের জোট নতুন সরকার গঠন করবে।
ভোট শেষ হওয়ার পরপরই প্রাথমিক ফল প্রকাশ শুরু হবে। মধ্যরাতের আগেই নির্বাচনের সামগ্রিক চিত্র স্পষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনের আগে বিভিন্ন জনমত জরিপে রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) সবচেয়ে বেশি আসন পেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল। তবে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৭৬টি আসন পাওয়ার সম্ভাবনা কম। ফলে ৩৫০ আসনের স্পেনের নিম্নকক্ষ কংগ্রেস অব ডেপুটিজে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে তাদের উগ্র ডানপন্থী ভক্স পার্টির সমর্থন প্রয়োজন হতে পারে। জরিপগুলোতে ভক্সকে তৃতীয় অবস্থানে দেখানো হয়েছে।
বেশির ভাগ পূর্বাভাসে বলা হয়েছে, পিপি ও ভক্স একসঙ্গে ১৭৬ আসনের সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করতে পারে। সে ক্ষেত্রে পিপি নেতা আলবের্তো নুনিয়েজ ফেইহোর সামনে সরকার গঠনের সুযোগ তৈরি হবে। তিনি ভক্সকে নিয়ে জোট সরকার গঠন করতে পারেন অথবা দলটির সমর্থনে সংখ্যালঘু সরকার পরিচালনা করতে পারেন।
অন্যদিকে, আট বছর ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের আশা, ভোটারদের ব্যাপক উপস্থিতি নির্বাচনের আগের হিসাব পাল্টে দিতে পারে। জরিপে তার দল দ্বিতীয় অবস্থানে থাকতে পারে এবং সরকার গঠনের মতো জোটের সমর্থন না পাওয়ার আশঙ্কা থাকলেও আগের নির্বাচনগুলোতে এমন পরিস্থিতি মোকাবেলা করে ক্ষমতায় থাকার নজির রয়েছে তার।
কিছু জনমত জরিপে এবার ভোটার উপস্থিতি ৭৪ শতাংশ পর্যন্ত হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। কয়েক দশকের মধ্যে এত বেশি ভোটার উপস্থিতি দেখা যায়নি স্পেনে। ফলে এবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতি সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
স্পেনে বর্তমানে প্রায় ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে। বাড়িভাড়া বৃদ্ধি ও উচ্ছেদের ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ হয়েছে। চলতি মাসে এ নিয়ে সাধারণ ধর্মঘটও পালিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন