প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফেনী, ২৩ নভেম্বর ২০২৬ : সোনাগাজী উপজেলায় আজ নতুন উদ্ভাবিত ব্রি-১০৩ ও ব্রি-১০৯ জাতের ধানের শস্য কর্তন এবং মাঠ দিবসের আয়োজন করা হয়েছে।
আজ সোমবার বিকালে দক্ষিণ চর চান্দিয়া এলাকায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সোনাগাজী আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে চলতি আমন মৌসুম উপলক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সোনাগাজী আঞ্চলিক কার্যালয়ের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ফারুক হোসেন খানের সভাপতিত্বে এবং উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আশ্রাফ হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রেজওয়ান ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ, বৈজ্ঞানিক কর্মকর্তা মোছা. সানিয়া তামান্না ও প্রশাসনিক কর্মকর্তা মো. ইকরামুল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় কৃষি উদ্যোক্তা আবু সায়েদ রুবেল ও জগন্নাথ চন্দ্র দাস বক্তব্য দেন। এ সময় শতাধিক কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন।
মাঠ দিবসে নতুন উদ্ভাবিত ব্রি ধান-১০৩ ও ১০৯ জাতের ধানের গুণাগুণ ও বৈশিষ্ট্য তুলে ধরে বৈজ্ঞানিক কর্মকর্তারা জানান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত ব্রি ধান-১০৩ একটি উচ্চফলনশীল রোপা আমন জাত। এ জাতের জীবনকাল গড়ে ১৩২ দিন (প্রায় ১২৮-১৩৩ দিন)। এর গড় ফলন হেক্টর প্রতি প্রায় ৬ দশমিক ২ টন হয়। উপযুক্ত পরিচর্যা ও অনুকূল পরিবেশে এ জাত থেকে হেক্টর প্রতি ৮ টন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। ধানের দানা লম্বা ও চিকন হওয়ায় চালের বাজার মূল্য পাওয়ার ক্ষেত্রেও সম্ভাবনা রয়েছে। জাতটির বীজতলা বপনের উপযুক্ত সময় ১৫ জুন থেকে ৭ জুলাই। ২৫-৩০ দিন বয়সী চারা সাধারণত ৭ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে রোপণ করা যায়।
তারা জানান, ব্রি ধান-১০৯ উপকূলীয় জোয়ার-ভাটা প্রবণ এলাকার জন্য উদ্ভাবিত একটি রোপা আমন জাত। এ জাতের জীবনকাল প্রায় ১৪৭ দিন। জোয়ার-ভাটা মুক্ত এলাকায় পরীক্ষায় হেক্টর প্রতি গড় ফলন পাওয়া গেছে ৬ দশমিক ৩২ টন এবং জোয়ার-ভাটা প্রবণ এলাকায় ৫ দশমিক ৪০ টন। উপযুক্ত পরিবেশ ও সঠিক পরিচর্যায় এ জাত থেকে হেক্টর প্রতি ৬ দশমিক ৬৫ টন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। জাতটি উপকূলীয় এলাকার কৃষকদের জন্য বিশেষ সম্ভাবনাময়। এ ধানের দানা মাঝারি মোটা এবং এতে উচ্চমাত্রার প্রোটিন রয়েছে।
মাঠ দিবসে কৃষকদের নতুন জাতের ধান চাষের অভিজ্ঞতা তুলে ধরা হয় এবং উন্নত বীজ, সঠিক সময়ে চারা রোপণ, সার ব্যবস্থাপনা ও পরিচর্যার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন