প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহ নগরীর ব্রহ্মপুত্র নদের ওপরে নির্মিত হচ্ছে দেশের একমাত্র স্টিল আর্চ সেতু। এটি বাস্তবায়ন হলে যোগাযোগের ক্ষেত্রে এক বৈপ্লবিক উন্নয়ন ঘটবে, এই আশাবাদ ব্যক্ত করেছেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
তিনি বলেছেন, এই স্টিল আর্চ সেতুটি হবে একটি দৃষ্টি নন্দন প্রকল্প। এর বাস্তবায়নের মাধ্যমে এলাকাভিত্তিক একটি পর্যটন স্পটের মতো সুবিধা সৃষ্টি হবে। তিনি উল্লেখ করেছেন, জনচাহিদার পূরণে নির্মাণ পরিকল্পনায় কিছু সংশোধনীর প্রয়োজন রয়েছে যাতে ওভারপাস এবং আন্ডারপাসের গ্যাপ কমানো যায়। এ সেতু বাস্তবায়ন হলে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ এবং কুড়িগ্রামের মানুষ প্রকৃত সুফল ভোগ করতে পারবে।
গতকাল শনিবার বিকাল সাড়ে ৬ টায় নগরীর কেওয়াটখালী, রঘুরামপুর, র্যালি মোড় এলাকায় সেতু নির্মাণ কাজের বিভিন্ন স্পট পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা উল্লেখ করেন।
এ সময় তিনি নির্মাণ কাজের ধীরগতি নিয়ে দু:খ প্রকাশ করেন এবং বলেন, 'নির্মাণ কাজ এখন পর্যন্ত অনেকটাই ধীরগতি চলছে।' তবে সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তাড়িৎগতিতে নির্মাণ কাজটি শেষ করার প্রয়োজন রয়েছে। এই জন্য তিনি জমি অধিগ্রহণ দ্রুত শেষ করার এবং স্থাপনাগুলো অপসারণের জন্য জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করার কথা বলেন। আশার কথা হলো, এই প্রকল্পের নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য ময়মনসিংহ বিভাগের ৩০ জন সংসদ সদস্য ঐক্যমত পোষণ করেছেন।
পরিদর্শনকালে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির সদস্য সৈয়দ শরীফ, বিএনপি নেতা জামাল উদ্দিন, মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়, ওলামা দল নেতা আমীর হামজাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় মোতাহার হোসেন তালুকদার সেতু নির্মাণ পরিকল্পনায় কিছুটা গ্যাপ থাকার মন্তব্য করে বলেন, 'সেতু নির্মাণ পরিকল্পনায় রঘুনাথপুর ও শম্ভুগঞ্জ মোড়ে জ্যাম কমানোর উদ্যোগ নিতে হবে।' এজন্য তিনি শম্ভুগঞ্জ মোড়ে একটি ফ্লাইওভার নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এতে জনচাহিদার পূর্ণাঙ্গ রূপ পাবে এবং জনদুর্ভোগ লাঘব হবে। এজন্য প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে।
প্রকল্প ব্যবস্থাপক (পিডি) প্রকৌশলী দিদারুল আলম তরফদার পরিদর্শন দলের কাছে প্রকল্পের বিস্তারিত তুলে ধরা সময় জানিয়ে বলেন, সেতুর মূল দৈর্ঘ্য হবে ৩২০ মিটার। তবে মূল সেতু ১১ শত মিটার দৈর্ঘ্য হবে। এ সেতুর মধ্যে ওভারপাস এবং আন্ডারপাস থাকবে। নগরীর জ্যাম কমাতে আরো ২টি ওভারপাস নির্মাণের পরিকল্পনাও রয়েছে। তবে, এই ক্ষেত্রে আর্থিক সীমাবদ্ধতা উপস্থিত রয়েছে।
নির্মাণ কাজের ধীরগতি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে নির্মাণ কাজে কিছুটা ধীরগতি চলছে। তবে অধিগ্রহণকৃত ভূমির স্থাপনাগুলো সরিয়ে নিলে কাজের গতি বাড়বে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, ২০২৩ সালের ডিসেম্বর থেকে শুরু হওয়া নির্মাণ কাজের মাত্র ২১ ভাগ অগ্রগতি হয়েছে। ভূমি অধিগ্রহণ নিয়ে এর অগ্রগতির পরিমাণ ৪৬ ভাগ। চুক্তি অনুযায়ী এ বছরের ডিসেম্বরে কাজ শেষ হবার কথা থাকলেও, জমি অধিগ্রহণ এবং রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে বিগত সময়ে নির্মাণ কাজের প্রত্যাশিত অগ্রগতি ঘটেনি। ফলে ১ হাজার ১০০ মিটার দীর্ঘ এই সেতুর নির্মাণ কাজ শেষ হতে আরো কিছুটা সময় লাগবে।
জানা গেছে, নকশা অনুযায়ী স্টিল আর্চ সেতুর মূল দৈর্ঘ্য ৩২০ মিটার এবং ৭৮০ মিটার অ্যাপ্রোচ সেতু নির্মাণ করা হবে। এছাড়া ৫৫১ মিটার সড়ক ওভারপাস, ২৪০ মিটার রেলওয়ে ওভারপাস এবং ৬ দশমিক ২০ কিলোমিটার স্লো মুভিং ভেইকুলার ট্রাফিক লেনসহ চারলেন মহাসড়ক নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। এতে ৩ হাজার ২৬৩ কোটি টাকা বরাদ্দ থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে অধিগ্রহণ ব্যতিত চুক্তি হয়েছে ২ হাজার ১৩৭ কোটি টাকা।
প্রকল্প সংশ্লিষ্টরা জানাচ্ছেন, 'কেওয়াটখালী সেতু হবে বাংলাদেশের সর্বপ্রথম দৃষ্টিনন্দন স্টিল আর্চ সেতু।' এটি নির্মাণ হলে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক উন্নয়ন ঘটবে। এতে ময়মনসিংহ অঞ্চলে অবস্থিত স্থলবন্দর, ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগের পথ আরো সুগম হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন