প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটি সদর উপজেলার ফয়জিয়া মহিলা মাদ্রাসা এবং কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের চেলাছড়া যৌথ খামার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন। একই সঙ্গে বন্য হাতির আক্রমণে গুরুতর আহত এক ব্যক্তির চিকিৎসার জন্যও আর্থিক সহযোগিতা দেওয়া হয়।
রোববার (২৯ নভেম্বর) রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি সংশ্লিষ্টদের হাতে এ সহায়তা তুলে দেন।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠান দুটিতে দেওয়া সহায়তা শিক্ষার মানোন্নয়ন, বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণের উপকরণ সংগ্রহ এবং শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করতে সহায়ক হবে। বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া বন্য হাতির আক্রমণে গুরুতর আহত ব্যক্তির চিকিৎসায় আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় বন্যপ্রাণীর সঙ্গে মানুষের সংঘাতের মতো পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এ ধরনের উদ্যোগকে মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাঙামাটি সদর জোনের পক্ষ থেকে বলা হয়, দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং আর্থসামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তনে সেনাবাহিনী বিভিন্ন সময় মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও স্থানীয় মানুষের প্রয়োজনের সময় পাশে থাকার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, শিক্ষা ও মানবিক সহায়তার এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন