প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
রোববার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় দিবসের এই কর্মসূচিগুলি পালন করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, অফিস, ইনস্টিটিউট, হল ও ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা কেন্দ্রীয় খেলার মাঠে সমবেত হবেন। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করবেন সংশ্লিষ্ট হলের প্রভোস্টরা।
সকাল ১০টায় কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। এই সময় জাতীয় পতাকা উত্তোলন করবেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আতিকুর রহমান।
পতাকা উত্তোলনের পর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করা হবে। এরপর একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আতিকুর রহমান। সভায় সভাপতিত্ব করবেন প্রো-ভাইস চ্যান্সেলর ও উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন।
আলোচনা সভা শেষে শুভেচ্ছা বিনিময়ের পর ভাইস চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে কেন্দ্রীয় খেলার মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হবে। এই র্যালিতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, অফিস, হল, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ নিজস্ব প্ল্যাকার্ডসহ অংশগ্রহণ করবে। রোভার স্কাউট গ্রুপ বাদ্যযন্ত্র নিয়ে র্যালিকে প্রাণবন্ত করে তুলবে। র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে গিয়ে শেষ হবে।
র্যালি শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন। তাদের সঙ্গে উপস্থিত থাকবেন ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আতিকুর রহমান, ডিন মহোদয়গণ, সকল বিভাগীয় সভাপতি, হলসমূহের প্রভোস্ট, বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
ভিত্তিপ্রস্তর চত্বরে পুষ্পস্তবক অর্পণের পর র্যালিটি প্রশাসন ভবনের সামনে এসে শেষ হবে। সেখানে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়েছে। এছাড়া, দিবসটি উপলক্ষে এদিন বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
৪৮তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে ২১, ২২ ও ২৩ নভেম্বর—এই তিন দিন বিশ্ববিদ্যালয়ের মেইন গেট, প্রশাসন ভবন, ভিসি বাংলো, ভিত্তিপ্রস্তর চত্বর ও ডায়না চত্বর আলোকসজ্জায় সজ্জিত করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়কে আলপনা অঙ্কন ও রঙিন পতাকা দিয়ে সাজানো হবে ক্যাম্পাস। প্রকৃতি, ফুল ও গাছপালার ভাবনা থেকে এসব আলপনা অঙ্কন করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এসকেডি/ আরটিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন