প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রত্যাগত ৭২ হাজার ইরাক-কুয়েত নাগরিকদের ১০ দফা ন্যায্য দাবি মেনে নেয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন প্রত্যাগতরা। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ইরাক-কুয়েত প্রত্যাগত বাংলাদেশী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ এই আহবান জানান, যাতে ৭২ হাজার প্রত্যাগতদের অমিমাংশিত ১০ দফা দাবী বাস্তবায়িত হয়।
মানববন্ধন কর্মসূচির সভাপতিত্ব করেন ইরাক-কুয়েত প্রত্যাগত বাংলাদেশী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী নজরুল ইসলাম। নেতৃবৃন্দ বর্তমান সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে তাদের ১০ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে কার্যকরী উদ্যোগ গ্রহণের আহবান জানান। তারা বলেন, ইরাক-কুয়েত প্রত্যাগতদের অর্থায়নে ক্রয়কৃত রাজধানী ঢাকার কালাচাঁদপুরস্থ ভাটারা মৌজায় ১৫১ দশমিক ৫৪ কাঠা জমি আনুপাতিক হারে প্রত্যাগতদের নামে ফেরত দিতে হবে।
এছাড়া, বিএমইটিতে প্রত্যাগতদের রক্ষিত মূল পাসপোর্ট এবং আউটপাশ ফেরত দিতে হবে। ইরাক-কুয়েত ক্ষতিগ্রস্ত প্রত্যাগতদের নামে আই ডি কার্ড অথবা প্রত্যায়নপত্র বিএমইটির সিদ্ধান্ত মোতাবেক দ্রুত বিতরণ করতে হবে। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রত্যাগত মিজানুল হক মিজান, মো. লোকমান হোসেন, মিয়া আবদুল হান্না ন, মো. লাবীব উদ্দিন, আবুল হোসেন, এস এম ওয়ালী উল্লাহ ঢালী, খোরশেদ আলম, মো. আবদুল হাই ভূইয়া, খন্দকার তোফাজ্জলহোসেন।
নেতৃবৃন্দ আরও বলেন, ইরাক-কুয়েত যুদ্ধ চলাকালীন সময়ে ৯ মাস ছুটি ঘোষণা করা হয়েছিল। ওই ৯ মাসের বকেয়া বেতন ভাতা, ৪৪৪ জন যুদ্ধবন্দির ক্ষতিপূরণ প্রদান এবং হাজার হাজার প্রত্যাগতদের সোনালী ব্যাংকে জমাকৃত দিনারের বিনিময় মূল্য বা টাকা অনতিবিলম্বে ফেরত দিতে হবে।
প্রত্যাগতদের ওয়ারিশগণকে অগ্রাধিকারভিত্তিতে বিদেশে কর্মসংস্থানের সুযোগ দিতে হবে। তারা উত্থাপিত দশ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন