প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৬ : বৃষ্টির কারণে ওমানের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় মালয়েশিয়া ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে আবির্ভূত হয়েছে। এর ফলে এশিয়ান গেমস ক্রিকেট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে মালয়েশিয়া নির্ধারিত হয়েছে।
ম্যাচটি মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১১টায় নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হবে।
২০২২ সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ও মালয়েশিয়া একবার আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হয়েছিল। ঐ উত্তেজনাপূর্ণ ম্যাচে বাংলাদেশ ২ রানে জয়লাভ করে সেমিফাইনালে প্রবেশ করে।
সম্প্রতি মালয়েশিয়া বাংলাদেশ সফর করে এবং বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের বিরুদ্ধে একটি সিরিজ খেলে।
এদিকে, নিশিনে ওমানের বিপক্ষে মালয়েশিয়ার ম্যাচটি হওয়ার কথা ছিল, কিন্তু টানা বৃষ্টির কারণে ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। দুই দল পয়েন্ট ভাগ করে নেয়। ফলে মালয়েশিয়া দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে অবস্থান করে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে।
গ্রুপ রানার্সআপ হিসেবে দুই পয়েন্ট নিয়ে হংকং স্থান করে নিয়েছে। এক পয়েন্ট পাওয়া ওমান প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে।
‘এ’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালের বাকি দুটি স্থান নিশ্চিত করেছে নেপাল ও আফগানিস্তান। বৃষ্টির কারণে স্বাগতিক জাপানের বিপক্ষে নেপালের ম্যাচটিও পরিত্যক্ত হয়। ফলে নেপাল গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে ওঠে। জাপান বাদ পড়ে যায়।
আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান আগেই সরাসরি শেষ আটে জায়গা করে নিয়েছিল।
আজ পাকিস্তান-হংকং এবং আফগানিস্তান-ভারত ম্যাচের প্রথম দুটি কোয়ার্টার ফাইনালও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এর ফলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে পাকিস্তান ও ভারত সেমিফাইনালে উঠে যায়।
প্রথম সেমিফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ হবে বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যকার চতুর্থ কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল।
যদি বাংলাদেশ-মালয়েশিয়ার ম্যাচও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, তাহলে সেমিফাইনালে উঠবে টাইগাররা। মালয়েশিয়ার ম্যাচ নিয়ে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস মন্তব্য করেন, “বৃষ্টিতে খেলা না হলে কিছু করার থাকবে না। আগেই বলেছি, বৃষ্টির উপর কারও হাত নেই।”
লিটন পদক নিয়ে এখনই না ভেবে প্রথম ম্যাচের দিকে মনোনিবেশ করছেন। তিনি বলেন, “দেশ ছাড়ার আগে আমি একটা কথা বলেছিলাম, আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে- ফাইনালে যাওয়া। স্বর্ণপদক পাবো কিনা, সেটা পরের বিষয়। তবে কালকের ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপতত ঐ ম্যাচের দিকে আমরা মনোযোগ দিচ্ছি।”
অধিনায়ক লিটনের মতো মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এবারের গেমসে বাংলাদেশ দলের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি বলেন, “আমার মনে হয়, আমাদের জন্য প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। ৫-৭ দিন ম্যাচ ছাড়া সরাসরি খেলাটা আসলে খুব কঠিন হয়ে যাবে। কোয়ার্টার ফাইনাল প্রেসার ম্যাচ, কারণ এটা নকআউট স্টেজ। আমরাও জানি এটার গুরুত্ব কতটুকু। আমাদের মোটিভেশনের কোনো অভাব নেই। ইনশাআল্লাহ ভালো করব।”
এছাড়া নেপাল-শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে। আগামীকাল সকাল ৬টায় মাঠে নামবে নেপাল ও শ্রীলঙ্কা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন