প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও সহিংসতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও তা সফল হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি উল্লেখ করেছেন, আওয়ামী লীগ এবং দলটির সহযোগী সংগঠনগুলো বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে। তবে, তাদের এসব কার্যক্রম বড় ধরনের পরিস্থিতি তৈরি করতে পারেনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ব্রিফিংয়ে দেশজুড়ে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার পরিসংখ্যান তুলে ধরে জাহেদ উর রহমান জানিয়েছেন, নভেম্বর মাসে এখন পর্যন্ত সারাদেশে ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময়ে গণপরিবহনসহ বিভিন্ন ধরনের যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৯৯টি। এসব ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। নাশকতার ঘটনায় ৬২টি মামলা ও ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১০০ জনকে।
আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলোর ঝটিকা মিছিলের তথ্য তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, নভেম্বর মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের উদ্যোগে ৭২টি ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২২টি মামলা ও পাঁচটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ছাড়া ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।
তিনি উল্লেখ করেন, এসব সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আইনি নিষেধাজ্ঞা রয়েছে। ফলে তাদের মিছিল-সমাবেশ করার কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ড আইনবিরোধী। যারা এসব কর্মকাণ্ডে জড়িত হবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং গ্রেফতার করা হবে।
পুলিশের ওপর হামলা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনায় আক্রমণের বিষয়ে তিনি জানান, পুলিশের স্থাপনায় হামলার চারটি ঘটনা ঘটেছে। এ ছাড়া পুলিশের ২৮টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। পুলিশের স্থাপনা ও যানবাহন লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং চারজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে হামলার প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির ৭২টি কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। তবে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস হামলার শিকার কার্যালয়ের সংখ্যা প্রায় ১০০ বলে জানিয়েছেন। পুলিশের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের নিজস্ব প্রক্রিয়া থাকায় সরকারি পরিসংখ্যানের সঙ্গে গণমাধ্যমে প্রকাশিত সংখ্যার কিছু পার্থক্য রয়েছে।
গোপালগঞ্জে সহিংসতার সময় বিভিন্ন নেতা-কর্মীর বাড়িঘরে অগ্নিসংযোগ এবং একটি হাসপাতালে আগুন দেওয়ার ঘটনাও তুলে ধরেন তথ্য উপদেষ্টা। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, এটি কোনো যুদ্ধের পরিস্থিতি নয়। এমনকি যুদ্ধের সময়ও পরিকল্পিতভাবে হাসপাতালে হামলা চালানো গুরুতর অপরাধ এবং যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের দুটি ঘটনার কথাও ব্রিফিংয়ে উল্লেখ করেন তিনি। এসব ঘটনায় দুটি মামলা হয়েছে এবং ১১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান উপদেষ্টা।
বিএনপির বিভিন্ন কর্মসূচিতে হামলার ঘটনায় দলটির চারজন নেতা-কর্মী নিহত হওয়ার তথ্যও তুলে ধরেন জাহেদ উর রহমান। তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতাকারীদের আইনের আওতায় আনতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন