০৬:৩২ পি.এম
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শুক্রবার বেলা আড়াইটায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তেলাওয়াত এবং দোয়ার মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।
পরে বেলা চারটা ১৯ মিনিটে প্রধানমন্ত্রী মঞ্চে এসে পৌঁছান।
আরও পড়ুন: মির্জা ফখরুলকে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক
এ সময় হাজার হাজার মানুষ করতালি ও স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করে নেন। এছাড়া, মঞ্চের সামনে থাকা শ্রমিক নেতা-কর্মীরা তাদের হাতে থাকা কৃষি ও শিল্প সরঞ্জাম উপরে তুলে ধরে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানও হাত নেড়ে তাদের শুভেচ্ছা গ্রহণ করেন। পরে তিনি বক্তব্য প্রদানের সূচনা করেন।
এর আগে বক্তব্য দেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন, স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্পবিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এছাড়া বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম মজনু, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি, কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ শ্রমিক দলের নেতৃবৃন্দ।
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন জানান, বিশাল শ্রমিক সমাবেশে লাখো মানুষ সমবেত হয়েছেন। এই সমাবেশে অংশ নিতে আশপাশের জেলাগুলোর কারখানা থেকে শ্রমিকরাও ঢাকায় এসেছে বলে জানান এ শ্রমিক নেতা।
আরও পড়ুন: দক্ষ মানবপুঁজি তৈরির লক্ষ্যে শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর কাজ করছে সরকার
তিনি মন্তব্য করেন যে, দেশে গত ১৭ বছরে শ্রমিকদের সঙ্গে অনেক অবিচার হয়েছে। রানা প্লাজার মতো দুর্ঘটনা ঘটেছে। এখন আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এগিয়ে যাবো। আমরা প্রত্যাশা করি, এ ধরনের দুর্ঘটনা আর ঘটবে না।
এর আগে, বিরূপ আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই মানুষকে সমাবেশস্থলে আসতে দেখা যায়। লাল টুপি, টি-শার্ট পরে এবং হাতে ব্যানার নিয়ে নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল তৈরি করে নয়াপল্টনে আসতে শুরু করেন। তাদের স্লোগান এবং করতালি দিয়ে সমাবেশস্থল মুখরিত হয়ে ওঠে।
প্রধানমন্ত্রীর আগমন এবং সমাবেশের সার্বিক নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি, ডিবি সদস্যসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে। রাখা হয়েছে জরুরি অগ্নিনির্বাপক ব্যবস্থাও।
আরও পড়ুন: খাল খননের মাধ্যমে অবৈধ স্থাপনা দখলমুক্ত করা হবে: পানিসম্পদ মন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন