প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট আশ্রয়শিবিরের তরুণ-তরুণীদের এবং স্থানীয় জনগণের জীবন-জীবিকায় ব্যাপক প্রভাব ফেলছে। রোহিঙ্গা তরুণদের প্রায় অর্ধেকই পড়াশোনা বা কোনো কাজের সঙ্গে যুক্ত নয়। অন্যদিকে, স্থানীয় তরুণদের মধ্যে প্রতি তিনজনের মধ্যে দুজন জানিয়েছেন, এই সংকট তাঁদের জীবিকা ক্ষতিগ্রস্ত করেছে। উভয় জনগণের তরুণরা মনে করছেন, প্রত্যাবাসনের জন্য সহায়তা কমানো বা চাপ সৃষ্টি নয়; বরং মিয়ানমারের নাগরিকত্ব, সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।
ব্র্যাকের সাম্প্রতিক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্র্যাক আয়োজিত ‘রোহিঙ্গা সংকটের এক দশক: করণীয় নিয়ে নতুন ভাবনা (Rohingya Crisis at Year Ten and Beyond: Rethinking the Response)’ শীর্ষক নীতি সংলাপ অনুষ্ঠানে এ গবেষণা উপস্থাপন করা হয়।
‘প্রত্যাশা ও বাস্তবতার দোলাচালে : রোহিঙ্গা তরুণদের চোখে জীবিকা, আশ্রয়শিবিরের জীবন ও প্রত্যাবাসনের আশা’ এবং ‘সংকটের ছায়ায় জীবনযাপন: উখিয়া ও টেকনাফের স্থানীয় তরুণদের চোখে জীবিকা, জেন্ডার সমতা ও সহাবস্থান’ শীর্ষক গবেষণা দুটি পরিচালনা করেছে ব্র্যাক অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ।
২০২৫ সালের মার্চ ও এপ্রিল মাসে পরিচালিত গবেষণায় ১৫ থেকে ৩৫ বছর বয়সী মোট ১ হাজার ১৫২ জন তরুণ-তরুণীর সাক্ষাৎকার নেওয়া হয়। এর মধ্যে ৫৭৬ জন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা এবং ৫৭৬ জন ছিলেন আশ্রয়শিবিরসংলগ্ন স্থানীয় জনগণের সদস্য। দলীয় আলোচনা ও বিস্তারিত সাক্ষাৎকারের মাধ্যমে তাঁদের অভিজ্ঞতা ও মতামত সংগ্রহ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি ছিলেন, ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেন ফ্রেইসেন এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্। অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের পরিচালক নির্ঝর অধিকারী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শরণার্থী সেলের প্রধান মোহাম্মদ নাজমুল আবেদীন অনুষ্ঠানে বক্তব্য দেন।
গবেষণায় দেখা গেছে, রোহিঙ্গা তরুণদের ৪৯ দশমিক ৭ শতাংশ পড়াশোনা বা কোনো কাজের সঙ্গে যুক্ত নয়। তরুণীদের ক্ষেত্রে এই হার ৮৪ দশমিক ৫ শতাংশ, যেখানে তরুণদের ক্ষেত্রে ১৪ শতাংশ। বর্তমানে মাত্র ১৭ দশমিক ৯ শতাংশ তরুণ পড়াশোনা করছেন এবং ৩৮ দশমিক ৪ শতাংশ জীবিকার কাজে যুক্ত।
কর্মরত তরুণদের বড় অংশ এনজিওর স্বেচ্ছাসেবক, দিনমজুর বা ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁরা মাসে গড়ে মাত্র ১৫ দিন কাজের সুযোগ পান। প্রকল্প শেষ হলে কাজও বন্ধ হয়ে যায়। ফলে তাঁদের আয়ের উৎস অনিশ্চিত এবং অধিকাংশের মৌলিক চাহিদা পূরণেও ঘাটতি রয়েছে।
আয়ের সঙ্গে প্রত্যাবাসনের আগ্রহের সম্পর্কও দেখা গেছে। যেসব তরুণের কিছুটা আয় রয়েছে, তাঁদের ৭৯ দশমিক ৩ শতাংশ দেশে ফিরতে চান; আয়হীনদের ক্ষেত্রে এই হার ৫৩ দশমিক ৪ শতাংশ। একইভাবে, মিয়ানমারের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখেন এমন তরুণদের মধ্যে দেশে ফেরার আগ্রহ বেশি।
সামগ্রিকভাবে, ৭৬ দশমিক ৭ শতাংশ রোহিঙ্গা তরুণ নির্দিষ্ট শর্ত পূরণ হলে মিয়ানমারে ফিরতে চান। নাগরিকত্ব ও সমান অধিকার নিশ্চিত করা হলে এই হার ৮২ দশমিক ৬ শতাংশ। তবে নিরাপত্তা ও কাজের সুযোগ ছাড়া শুধু নাগরিকত্ব দেওয়া হলে ফিরতে চান মাত্র ১৯ দশমিক ৪ শতাংশ।
আশ্রয়শিবিরে সহায়তা ও কাজের সুযোগ কমানো হলে ৫২ দশমিক ৬ শতাংশ তরুণ সেখানেই থেকে যেতে চান। অন্যদিকে, আশ্রয়শিবিরের নিরাপত্তার অবনতি এবং মিয়ানমারের পরিস্থিতি অস্থিতিশীল থাকলে ২৭ দশমিক ৮ শতাংশ অন্য কোথাও চলে যাওয়ার কথা ভাবেন। বাংলাদেশে জন্ম নেওয়া রোহিঙ্গা তরুণদের ক্ষেত্রে এই হার ৬৭ দশমিক ৮ শতাংশ; তাঁদের মাত্র ১১ দশমিক ৯ শতাংশ দেশে ফিরতে আগ্রহী।
স্থানীয় জনগণের জীবিকায় সংকটের প্রভাব
স্থানীয় তরুণদের ৬৬ দশমিক ৭ শতাংশ জানিয়েছেন, রোহিঙ্গা সংকটে তাঁদের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের মধ্যে ৮৫ দশমিক ৮ শতাংশের মতে, কাজ খুঁজে পাওয়া কঠিন হয়েছে, ৬৫ দশমিক ৯ শতাংশের মজুরি কমেছে এবং ৩৬ দশমিক ৪ শতাংশ কাজ হারিয়েছেন। টেকনাফে জীবিকায় ক্ষতির কথা জানিয়েছেন ৭১ দশমিক ৬ শতাংশ তরুণ, উখিয়ায় এই হার ৬০ দশমিক ১ শতাংশ।
শিক্ষায় এগিয়ে থাকলেও কর্মসংস্থানে পিছিয়ে রয়েছেন স্থানীয় তরুণীরা। তাঁদের ৫৩ দশমিক ৯ শতাংশ মাধ্যমিক বা তার বেশি শিক্ষা সম্পন্ন করেছেন, যেখানে তরুণদের ক্ষেত্রে এই হার ৪১ দশমিক ৪ শতাংশ। অথচ আয়মূলক কাজে যুক্ত তরুণীর হার মাত্র ২০ দশমিক ৮ শতাংশ, যেখানে তরুণদের ক্ষেত্রে ৭০ দশমিক ২ শতাংশ। গড়ে পুরুষেরা নারীদের তুলনায় ৪ দশমিক ৩ গুণ বেশি আয় করেন। সামাজিক রীতিনীতি, পরিবারের অনুমতি, অনিরাপদ যাতায়াত, গৃহস্থালির দায়িত্ব ও কম মজুরি নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণের বড় বাধা।
জোরপূর্বক প্রত্যাবাসনের পক্ষে নন অধিকাংশ স্থানীয় তরুণ
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে স্থানীয় জনগণের ক্ষতির কথা মনে করেন ৭২ দশমিক ২ শতাংশ স্থানীয় তরুণ। তাঁদের ৫৭ দশমিক ৩ শতাংশের মতে, রোহিঙ্গাদের সঙ্গে স্থানীয় জনগণের সম্পর্ক ভালো নয়। তবে এই অসন্তোষের মধ্যেও মাত্র ২৩ দশমিক ৪ শতাংশ তরুণ জোরপূর্বক প্রত্যাবাসন সমর্থন করেন।
স্থানীয় তরুণদের ৯৫ দশমিক ৫ শতাংশ চান, সরকার তাঁদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করুক। তাঁদের প্রধান দাবির মধ্যে রয়েছে সরকারি ও এনজিওর চাকরিতে স্থানীয়দের নিয়োগ, আশ্রয়শিবিরের বিভিন্ন কাজে স্থানীয়দের অগ্রাধিকার, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং কৃষি, মৎস্য ও হস্তশিল্প খাতে সহায়তা।
প্রত্যাবাসনে অধিকার ও মর্যাদাই প্রধান শর্ত
প্রত্যাবাসন নিয়ে দুই জনগণের তরুণদের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য রয়েছে। রোহিঙ্গা তরুণদের ৭৬ দশমিক ৭ শতাংশ শর্ত পূরণ হলে দেশে ফিরতে চান। অন্যদিকে, স্থানীয় তরুণদের মাত্র ৩৯ দশমিক ৮ শতাংশ মনে করেন, শর্ত পূরণ হলে রোহিঙ্গারা ফিরে যাবেন। এ বিষয়ে ৭১ দশমিক ৭ শতাংশ স্থানীয় তরুণ হতাশা প্রকাশ করেছেন।
স্থানীয় তরুণদের মতে, মিয়ানমারে নাগরিকত্ব, পূর্ণ অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হলেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব। সহায়তা কমানো বা আশ্রয়শিবিরের নিরাপত্তার অবনতি হলে রোহিঙ্গারা ফিরে যাবেন বলে মনে করেন যথাক্রমে মাত্র ৯ দশমিক ২ ও ৫ শতাংশ তরুণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন