প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাধারণত ম্যাচের ঠিক আগে ঘোষণা করেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি একাদশ। তবে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে আলবিসেলেস্তেদের এই চ্যাম্পিয়ন কোচ ব্যতিক্রম ঘটালেন। স্ক্যালোনি ম্যাচের ২৪ ঘণ্টারও বেশি আগে একাদশ নিয়ে সবচেয়ে বড় সিদ্ধান্ত প্রকাশ করেছেন। এই সিদ্ধান্ত অনেকটা অনুমিত হলেও এটি সমর্থকদের জন্য বেশ হতাশার।
আগামীকাল (২৮ জুন) গ্রুপ পর্বের শেষ রাউন্ডে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে জর্ডানের। ইতিমধ্যেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হয়েছে, তাই অধিনায়ক লিওনেল মেসিকে তিনি শুরুর একাদশে না খেলানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আলবিসেলেস্তেদের কোচ নিজেই নিশ্চিত করেছেন যে, জর্ডানের বিপক্ষে ম্যাচের জন্য মেসিকে শুরুর একাদশে রাখা হবে না। তবে বদলি খেলোয়াড় হিসেবে তিনি বেঞ্চে থাকবেন সদ্য ৪০ সময়ে পা দেয়া বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।
স্ক্যালোনি মেসিকে শুরুর একাদশে না থাকার তথ্য ফাঁস করেছেন বিখ্যাত সাংবাদিক মাকায়া মার্কেসের প্রশ্নের জবাবে। ৯১ বছর বয়সী কিংবদন্তি সাংবাদিক ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপ থেকে প্রত্যেকটি বিশ্বকাপ কভার করেছেন। চলমান বিশ্বকাপ তার পেশাগত জীবনের ১৮তম আসর।
ডালাসে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মাকায়া রোববার (২৮ জুন) ম্যাচের সম্ভাব্য একাদশ এবং প্রথম দুই ম্যাচে পাঁচ গোল করা অধিনায়ক মেসির খেলা নিয়ে প্রশ্ন তোলেন।
জবাব দিতে গিয়ে আবেগাপ্লুত স্কালোনি বলেন, 'এনরিকে, আপনার প্রশ্ন শুনতে এবং আপনাকে এখানে দেখতে পেরে খুব ভালো লাগছে। আসার জন্য ধন্যবাদ। ১৮টি বিশ্বকাপ; এটা অবিশ্বাস্য! আপনার প্রশ্নের উত্তর দিতে পেরে আমি আনন্দিত, কারণ আমাদের দীর্ঘদিনের পরিচয়। আমি যখন আর্জেন্টিনায় খেলতাম, তখন আপনাকে নিয়মিত দেখতাম। আপনি যখনই কথা বলতেন, আমাদের কাছে আপনি ছিলেন একজন কিংবদন্তি, এবং এখনও তাই আছেন।'
এরপর তিনি বলেন, 'আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। লিও বেঞ্চে থাকবে। শুধু আপনার জন্য বলছি, অন্য কেউ জিজ্ঞেস করলে আমি এড়িয়ে গেছি।'
স্কালোনি বলেন, 'চিন্তা করবেন না, আমি উত্তর দিচ্ছি কারণ এটা আপনি, এবং আপনি সত্যিই এর যোগ্য। পুরো দলের নাম বলব না, তবে লিওর ব্যাপারে জানিয়ে দিচ্ছি। সে পরে মাঠে নামবে। আমার একাদশ ঠিক আছে, তবে সেটা আগামীকাল ঘোষণা করব। এনরিকে, প্রশ্ন করার জন্য ধন্যবাদ, বিশ্বকাপ উপভোগ করুন।'
মাকায়া এরপর দল নিয়ে প্রশ্ন না করে বিশ্বকাপে বিভিন্ন দলের খেলার ধরন নিয়ে জানতে চান। উত্তরে স্কালোনি বলেন, 'আমরা নানা ধরনের ফুটবল দেখছি এবং সব ধরনের কৌশলই সফল হচ্ছে। কেউ স্পেন বা আমাদের মতো বল দখলে রেখে আক্রমণ করছে, কেউ পাল্টা আক্রমণে খেলছে, আবার কেউ রক্ষণাত্মক কৌশল নিচ্ছে। গতকাল অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের কঠিন ম্যাচটি ০-০ ড্র হয়েছে। অস্ট্রেলিয়া পরের রাউন্ডে উঠেছে এবং তারা যে কারও জন্য কঠিন প্রতিপক্ষ হবে।'
তিনি আরও যোগ করেন, 'আমাদের মতো একটি দলের জন্য খেলার ধরন পুরোপুরি বদলে ফেলা খুব কঠিন। কিছু ছোটখাটো পরিবর্তন আনা যায়, কিন্তু মৌলিক দর্শন বদলানো যায় না, কারণ সেটাই আমাদের পরিচয়। প্রতিপক্ষ অনুযায়ী কিছু সমন্বয় করা সম্ভব। শেষ পর্যন্ত জয়ের পথ একমাত্র নয়। নানা উপায়ে জেতা যায়, তবে শেষ পর্যন্ত শক্তিশালী দলগুলোই টিকে থাকে।'
মাকায়ার প্রশ্নের মাধ্যমে পরিষ্কার হয়ে গেল আর্জেন্টিনার পরিকল্পনা। মেসি শুরু থেকে খেলবেন না, তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে কিছু সময়ের জন্য খেলবেন। ফলে মায়ামিতে অনুষ্ঠিতব্য রাউন্ড অব ৩২-এ ম্যাচের জন্য ছন্দ ধরে রাখতে পারবেন।
কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে আসেন নিকোলাস তাগলিয়াফিকো। তিনিও মাকায়ার প্রশংসা করে বলেন, 'মানুষ হিসেবে তিনি এক কিংবদন্তি। তার ছেলের সঙ্গে কাজ করার সুযোগ আমার হয়েছে। ছোটবেলায় তার ধারাভাষ্য শুনতাম। তাকে দেখলেই মনে হয় তিনি সত্যিই একজন কিংবদন্তি। তিনি এখানে আছেন, এজন্য আমি কৃতজ্ঞ। আশা করি আমরা আমাদের সেরাটা দিতে পারব, যাতে তিনি মাঠে বসে আরেকটি শিরোপা উদযাপন করতে পারেন, যেমন তিনি আগের তিনটি বিশ্বকাপ জয় উপভোগ করেছিলেন।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন