প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আওয়ামী লীগ সরকারের সময় বিচার বিভাগের ওপর দলীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি কথিত বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে নিজের লড়াইয়ে বিএনপি ও জামায়াত তার পাশে দাঁড়ায়নি বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি উল্লেখ করেন, যদি সে সময় রাজনৈতিক দলগুলো তার লড়াইকে সমর্থন করত, তাহলে বিচার বিভাগ পরবর্তী সময়ে আওয়ামী লীগের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হতে পারত না। তার মতে, সেই রাজনৈতিক নিষ্ক্রিয়তার ফলস্বরূপ পরবর্তী সময়ে বিচারিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আর. সি. মজুমদার আর্টস অডিটোরিয়ামে ‘জুলাই-পূর্ব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: বিচার, বিতর্ক ও বাস্তবতা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান জানান, বইটির মোড়ক উন্মোচনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে একাডেমিক আলোচনার সূচনা হয়েছে। তিনি বলেন, রাজনৈতিক আলোচনা বেশিদিন স্থায়ী হয় না, কিন্তু একাডেমিক আলোচনা ইতিহাস সংরক্ষণ ও প্রকৃত ঘটনা অনুসন্ধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ বিষয়ে তিনি উল্লেখ করেন, বিদেশি বইয়ের অনুবাদের ওপর নির্ভর না করে দেশীয় গবেষকদের মৌলিক বই ও গবেষণাপত্র প্রকাশ করা প্রয়োজন।
বিচারপ্রক্রিয়ার পটভূমি তুলে ধরে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের অনেক আগে থেকেই এ বিচারপ্রক্রিয়ার ক্ষেত্র প্রস্তুত করা হয়েছিল। এর পেছনে মিডিয়া ট্রায়াল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার দাবি, স্বাধীনতার পর থেকেই এ ধরনের প্রচেষ্টা শুরু হলেও এরশাদের শাসনামলের শেষ দিকে এবং পরবর্তী সময়ে গণআদালত গঠনের প্রেক্ষাপটে তা গতি পায়। এর বিপরীতে কার্যকর কোনো বিকল্প বয়ান তৈরি করা সম্ভব হয়নি। ফলে যারা পরবর্তী সময়ে বিচারপ্রক্রিয়ার ভুক্তভোগী হয়েছেন, তারা নিজেদের পক্ষে যথাযথ জনমত গড়ে তুলতে পারেননি।
শেখ হাসিনার শাসনামলে বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের প্রবণতা সম্পর্কে আগেই সতর্ক হয়েছিলেন উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, ১৯৯৬ সালে শেখ হাসিনা রাষ্ট্রের ওপর একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠার মতো শক্তি অর্জন করতে পারেননি। তবে ২০০৯ সালে ক্ষমতায় আসার পর বিচার বিভাগকে ব্যবহার করে রাষ্ট্র পরিচালনা ও কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা শুরু করেন বলে তিনি মনে করেন।
তিনি জানান, ২০১০ সালে তার বিরুদ্ধে প্রথম আদালত অবমাননার মামলা হয়। তখনো আল্লামা সাঈদী ও মাওলানা মতিউর রহমান নিজামী গ্রেপ্তার হননি। ওই সময় বিচার বিভাগের স্বাধীনতা ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বিচারিক সুবিধা নিয়ে তিনি একটি সংবাদ প্রতিবেদন এবং একটি নিবন্ধ প্রকাশ করেছিলেন। প্রতিবেদনে দেখানো হয়েছিল, বিরোধী রাজনৈতিক ব্যক্তিরা হাইকোর্ট থেকে জামিন বা প্রতিকার পেলেও আপিল বিভাগে তা আটকে যাচ্ছিল।
নিজের লেখা নিবন্ধের শিরোনাম ছিল ‘স্বাধীন বিচারের নামে তামাশা’ উল্লেখ করে তিনি বলেন, ওই লেখা ও সংবাদ প্রকাশের পর ২০১০ সালের ১ জুন তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে ২০১১ সালের মাঝামাঝি তিনি কারাগার থেকে মুক্তি পান। আদালত অবমাননার মামলায় সুপ্রিম কোর্টে নিজেই নিজের পক্ষে অবস্থান নিয়েছিলেন। বিচারকদের কাছে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেছিলেন, সঠিক কথা বলার জন্য ক্ষমা চাইবেন না।
মাহমুদুর রহমান বলেন, ‘তখন আমি একাই লড়াই করেছি। আমার পাশে কোনো রাজনৈতিক দল, কোনো গোষ্ঠী ছিল না। বিএনপি কিংবা জামায়াত কেউই আমার পাশে দাঁড়ায়নি। তখন তারা যদি আমার লড়াইকে সমর্থন করত, তাহলে বিচার বিভাগ পরবর্তী সময়ে এমন ভয়াবহ প্রতিষ্ঠানে পরিণত হতো কি না, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে নিজের পত্রিকায় সংবাদ প্রকাশের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সে সময় ট্রাইব্যুনালের বিভিন্ন অনিয়ম ও বিচারপ্রক্রিয়ার অসংগতির বিষয়ে সংবাদ প্রকাশ করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমনকি এসব প্রতিবেদন প্রকাশ করা সম্ভব হবে কি না, তা নিয়েও সংবাদকর্মীদের মধ্যে সংশয় ছিল। তবু ঝুঁকি নিয়েই ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল।
তিনি আরও বলেন, ট্রাইব্যুনালের তৎকালীন চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ ডেভিড বার্গম্যানের কথোপকথন ও ই-মেইল আদান-প্রদানের বিষয়গুলো বিচারপ্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছিল। এ-সংক্রান্ত তথ্য ও প্রমাণ তার কাছে ছিল এবং পরবর্তী সময়ে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টেও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।
বিচারপতি নিজামুল হকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, কোনো বিচারপতির বিরুদ্ধে সাধারণভাবে মামলা করা যায় না। তবে ব্যক্তিগত বিদ্বেষ বা অসৎ উদ্দেশ্যে বিচার পরিচালনার প্রমাণ পাওয়া গেলে বিষয়টি ভিন্ন হতে পারে। তার মতে, বিচারপতি নিজামুল হকের কথোপকথন, রাজনৈতিক অবস্থান এবং ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদ থেকে তার পদত্যাগের ঘটনাসহ বিভিন্ন বিষয় আইনি পর্যালোচনার আওতায় আনা যেতে পারে।
এ সময় তিনি ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি বিচারিক হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, যেসব পরিবারের সদস্যরা বিচারপ্রক্রিয়ার মাধ্যমে অন্যায়ের শিকার হয়েছেন, তাদের মামলা করার সুযোগ রয়েছে। এ ছাড়া যাদের অন্যায়ভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাদের দায়মুক্তির জন্য রিভিউ বা পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়াও জরুরি।
তিনি বলেন, ‘রিভিউয়ের মাধ্যমে যাদের অন্যায় অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে, তারা সেই অপবাদ থেকে মুক্তি পেতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে শত শত বছর আগের বিচারিক ভুলও সংশোধন করা হয়েছে। প্রয়োজনে রাষ্ট্র স্বীকার করেছে, ওই ব্যক্তিরা নির্দোষ ছিলেন।’
শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচারপ্রক্রিয়ায় নিজে সাক্ষ্য দিয়েছেন জানিয়ে মাহমুদুর রহমান বলেন, তিনি দুই দিন ধরে সাক্ষ্য দিয়েছেন এবং কয়েক ঘণ্টা করে বক্তব্য রেখেছেন। শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। এ মামলায় সর্বোচ্চ সাজা ঘোষিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং পরবর্তী পরিস্থিতি কী হবে, তা ভবিষ্যতের বিষয় বলে মন্তব্য করেন।
জুলাই গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে বিভক্তি তৈরি হওয়ায় শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী শক্তি আবারও রাজনৈতিক ষড়যন্ত্রের সুযোগ পাচ্ছে। এ পরিস্থিতির জন্য সরকারের দায় সবচেয়ে বেশি। কারণ, ক্ষমতায় থাকা সরকারের প্রধান দায়িত্ব জাতীয় ঐক্য ধরে রাখা।
তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিযোগিতা ও শত্রুতা এক জিনিস নয়। বিএনপি, জামায়াতসহ রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু শত্রুতা থাকা উচিত নয়। আপনারা রাজনৈতিক প্রতিযোগিতা করবেন, কিন্তু শত্রুতা করবেন না।’
অনুষ্ঠানে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও সংসদ সদস্য শামীম সাঈদী বলেন, শেখ হাসিনার সরকার এমন আইন তৈরি করেছিল, যেখানে বিচারিক হত্যাকাণ্ডের প্রক্রিয়া পুনর্বিবেচনার সুযোগ রাখা হয়নি। তিনি বলেন, ‘আমি কথা দিচ্ছি, আজ আমি সংসদে আছি। সেই আইনগুলো সংশোধন করে প্রকৃত সত্য উন্মোচনে কাজ করব।’
নিজের বাবার পরিচয় ও নাম নিয়ে বিতর্কের প্রসঙ্গ তুলে শামীম সাঈদী বলেন, তার বাবার শিক্ষাগত সনদেও দেলাওয়ার হোসাইন সাঈদী নাম উল্লেখ রয়েছে। অথচ তাকে দেলোয়ার শিকদার নামের অন্য এক ব্যক্তির সঙ্গে সম্পৃক্ত করে পরিচয়গত বিতর্ক তৈরি করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শহীদ আলী আহসান মুহাম্মাদ মুজাহিদের ছেলে আলী আহমাদ তাহকিক ও আলী আহমাদ মাবরুর। এ ছাড়া উপস্থিত ছিলেন শহীদ আবদুল কাদের মোল্লার ছেলে হাসান জামিল ও মেয়ে আমাতুল্লাহ শারমিন এবং শহীদ মীর কাসেম আলীর মেয়ে সুমাইয়া রাবেয়া। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস মুহা. মহীউদ্দীন খানও উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন